চট্টগ্রামে পুলিশের ওপর জামায়াত শিবিরের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার অক্সিজেন মোড় এলাকায় গতকাল বুধবার পুলিশের ওপর হামলা চালিয়েছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। এ সময় তাঁরা কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে।কেন্দ্র-ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল সকাল ১০টায় অক্সিজেন মোড়ে ১৮ দলীয় জোট ‘নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রতিষ্ঠার’ দাবিতে গণসংযোগ ও পথসভার আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার।বেলা ১১টার দিকে প্রচারপত্র বিলি করেন এম কে আনোয়ার। এ সময় উত্তর জেলা বিএনপির দুই পক্ষের মধ্যে হট্টগোল ও হাতাহাতি হয়। এরপর সেখান থেকে চলে যান এম কে আনোয়ার। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।পথসভা শেষে অক্সিজেন মোড়ে কেডিএস গার্মেন্টসের সামনে আলাদা সমাবেশ শুরু করেন জামায়াত-শিবিরের কর্মীরা। এতে সড়কে যানজটের সৃষ্টি হলে পুলিশ এগিয়ে যায়। তখন তাঁরা পুলিশের ওপর ইটপাটকেল ছোড়েন। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।পুলিশ সূত্র জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা করে এবং ১২টি রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এ সময় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের মাইক্রোবাসসহ পাঁচটি গাড়ি ভাঙচুর করেন। ঘটনাস্থল থেকে ফরিদউদ্দিন ও সাবের সুলতান নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) মো. শহীদুল্লাহ প্রথম আলোকে বলেন, ইটের আঘাতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।