চট্টগ্রামে পুলিশের ওপর জামায়াতের হামলার ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে গতকাল বিকেলে পুলিশের ওপর জামায়াতে ইসলামী বাংলাদেশের নেতা-কর্মীদের হামলার ঘটনায় সে রাতেই মামলা করা হয়েছে। এতে দেড় থেকে দুই হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।কোতোয়ালি থানার পুলিশ জানায়, সরকারি কাজে বাধা দান, পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে মামলাটি করেন ওই থানার উপ-পরিদর্শক (এসআই) ইউনুস মিয়া। আসামিদের মধ্যে জামায়াতের কেন্দ্রীয় নেতা মমিনুল হক চৌধুরী ও সাবেক সাংসদ শাজাহান চৌধুরীর নামও রয়েছে।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলা করার বিষয়টি নিশ্চিত করেছেন।প্রসঙ্গত, গতকাল বিকেলে চট্টগ্রাম নগরের আন্দরকিল্লা জামে মসজিদ থেকে জামায়াতের নেতা-কর্মীরা মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের ওপর ইট-পাটকেল ও ককটেল নিক্ষেপ করেন তাঁরা। এতে ছয়জন পুলিশ সদস্যসহ অন্তত ১৫ ব্যক্তি আহত হন। এ সময় জামায়াতের কর্মীরা অন্তত পাঁচটি যানবাহন ভাঙচুর করেন। পরে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়লে প্রায় দুই হাজার মিছিলকারী ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় পুলিশ প্রায় ৪০টি রাবার বুলেটও নিক্ষেপ করে। ঘটনাস্থল থেকে পুলিশ ১১ জনকে আটক করে। পুলিশ ও জামায়াত নেতা-কর্মীদের মধ্যে প্রায় এক ঘণ্টা ধরে চলা ধাওয়া-পাল্টাধাওয়ায় এলাকাটি তখন রণক্ষেত্রে পরিণত হয়।