চট্টগ্রামে পুলিশের ওপর জামায়াতের হামলায় আহত ১৫, আটক ১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের আন্দরকিল্লা জামে মসজিদ থেকে আজ সোমবার বিকেলে বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতা-কর্মীরা অতর্কিতভাবে মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। বাধা পেয়ে পুলিশের ওপর ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ করেন তাঁরা। এতে ছয় পুলিশসহ অন্তত ১৫ জন আহত হন। এ সময় জামায়াতের কর্মীরা অন্তত পাঁচটি যানবাহন ভাঙচুর করেন।পরে পুলিশ কাঁদুনে ছুড়লে প্রায় দুই হাজার মিছিলকারী ছত্রভঙ্গ হয়ে যায়। প্রায় ৪০ রাউন্ড রাবার বুলেট ও কাঁদুনে গ্যাস নিক্ষেপ করা হয়। ঘটনাস্থল থেকে পুলিশ ১১ জনকে আটক করেছে। এক ঘণ্টা ধরে পাল্টাপাল্টি ধাওয়া চলার ফলে এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়। আগে থেকে জড়ো করা প্রায় দুই শ লাঠিও এ সময় জব্দ করা হয়।আহত পুলিশ সদস্যরা হলেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদের দেহরক্ষী শাহদাত, কনস্টেবল মঈনুদ্দিন, খোরশেদ, রফিক ও কাদের। তাঁরা জামায়াতের নেতা-কর্মীদের ছোড়া ইটের আঘাতে আহত হন। তাঁদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। এ সময় পুলিশকে লক্ষ্য করে ককটেল ও গুলি ছোড়া হয় বলে কোতোয়ালি জোনের সহকারী কমিশনার হেলাল উদ্দিন দাবি করেন। তিনি বলেন, ‘এত দিন জুমার নামাজের পর তারা মিছিল বের করত। আমরা যাতে বাধা দিতে না পারি, তার জন্য এবার চালাকি করে আসরের নামাজের পর মিছিল বের করার চেষ্টা করে।’ঘটনাস্থল থেকে আটক করা ১১ ব্যক্তির মধ্যে দুজনের নাম পাওয়া গেছে। তাঁরা হলেন মো. সেলিম উদ্দিন ও মো. ইছহাক। তাঁদের বকশিরহাট মোড়ের নিউ মদিনা রেস্তোরাঁ ও লুসাই হল থেকে আটক করা হয়।এ প্রসঙ্গে নগর পুলিশের উপকমিশনার (উত্তর) বনজ কুমার মজুমদার বলেন, ‘আসরের নামাজ শেষে অতর্কিতভাবে আন্দরকিল্লা জামে মসজিদ থেকে জামায়াত মিছিল বের করার চেষ্টা করে। আগে থেকে এলাকায় মোতায়েন করা আমাদের ফোর্স মিছিল বের না করার অনুরোধ জানালে তারা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে।’ এ ঘটনায় ২৫-৩০ রাউন্ড রাবার বুলেট ও কয়েক রাউন্ড কাঁদুনে নিক্ষেপ করা হয় বলে তিনি জানান।জানা গেছে, আসরের নামাজের পর পর বিকেল পৌনে পাঁচটার দিকে জামে মসজিদ থেকে জামায়াত ইসলামী একটি মিছিল বের করার চেষ্টা করে। মসজিদের সিঁড়ি থেকে তারা ‘আল্লাহু আকবর’ বলে স্লোগান শুরু করে। এ সময় সিঁড়ির নিচে থাকা ১০-১২ জন পুলিশ তাঁদের মিছিল করা যাবে না জানালে মিছিলকারীরা ইটপাটকেল ছুড়তে থাকে। এ সময় তারা মসজিদের সিঁড়িতে থাকা বিভিন্ন ফুলের টব পুলিশকে লক্ষ্য করে ছুড়ে মারতে থাকে। মিছিলকারীদের সবার হাতে লাঠি ছিল বলেও পুলিশ জানায়।পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ ডেকে আনা হয়। পরে পুলিশ কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে মিছিলকারীরা আন্দরকিল্লা থেকে বকশিরহাট মোড়ের দিকে যায়। সেখানে তারা পাঁচটি যানবাহন ভাঙচুর করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।