চট্টগ্রামে পুলিশের ওপর মাদক ব্যবসায়ীদের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের কদমতলী বাসটার্মিনাল সংলগ্ন বরিশাল কলোনি এলাকায় সোমবার সন্ধ্যায় গোয়েন্দা পুলিশের তিন সদস্যের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। গুরুতর আহত দুই পুলিশ সদস্যকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশ সূত্রে জানা গেছে। সন্ত্রাসীরা পুলিশের দুটি মোবাইল ফোনসেট ও নগদ নয় হাজার টাকা নিয়ে গেছে। পুলিশ সূত্র জানায়, আহত তিন পুলিশ সদস্য হলেন গোয়েন্দা পুলিশের পরিদর্শক মশিউর রহমান, কনস্টেবল আবদুর রহিম ও ছবিরুল ইসলাম। পুলিশের ওপর হামলার ঘটনায় ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।নগর পুলিশের অতিরিক্ত কমিশনার মো. আবদুল জলিল মণ্ডল বলেন, ‘বরিশাল কলোনিসহ নগরের বিভিন্ন এলাকায় কিছু মাদকের হাট রয়েছে। এসব হাটের ব্যবসায়ীদের কাছ থেকে পুলিশ, সরকারি সংস্থার লোকজন ও নামসর্বস্ব কিছু পত্রিকার সাংবাদিক মাসোহারা পায় বলে আমাদের কাছে তথ্য আছে। আমরা তাঁদের তালিকা তৈরি করে শিগগিরই আইনি ব্যবস্থা নেওয়া শুরু করব।’ পুলিশ জানায়, গত সোমবার বিকেলে মাদক সম্পর্কে তথ্য সংগ্রহ করতে গোয়েন্দা পুলিশের পরিদর্শক মশিউর রহমানের নেতৃত্বে তিনজন পুলিশ সদস্য বরিশাল কলোনিতে যান। তাঁরা মাদকব্যবসায়ী ও মাদকসেবীদের তৎপরতা ভিডিওতে ধারণ এবং গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেন। সন্ধ্যায় তাঁরা গোয়েন্দা কার্যালয়ে ফেরার পথে মাদক ব্যবসায়ীরা তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা মশিউর ও রহিমের ফোনসেট এবং নয় হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় সন্ত্রাসীরা তাঁদের ভিডিও ক্যামেরায় ধারণ করা ফুটেজ নষ্ট করে দেন।সূত্র জানায়, সন্ত্রাসীরা পরিদর্শক মশিউরের হাতের আঙুল ভেঙে দেয়, রহিমের মাথায় আঘাত করে এবং ছবিরুলের একটি হাত ভেঙে দেয়। তাঁদের মধ্যে রহিমের অবস্থা গুরুতর। ৪৮ ঘণ্টা পর তাঁর অবস্থা সম্পর্কে জানা যাবে বলে চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে একজন পুলিশ কর্মকর্তা জানান। অতিরিক্ত কমিশনার আবদুল জলিল বলেন, পুলিশের ওপর হামলা সহ্য করা হবে না। চট্টগ্রামের বড় মাদকের হাট হিসেবে পরিচিত বরিশাল কলোনি শিগগিরই গুঁড়িয়ে দেওয়া হবে। পুলিশ জানায়, পুলিশের ওপর হামলার ঘটনায় নগরের ডবলমুরিং অঞ্চলের সহকারী কমিশনারের নেতৃত্বে পুলিশের একটি দল সোমবার রাতে অভিযান চালিয়ে ৪১ জনকে গ্রেপ্তার করে। তাঁদের মধ্যে মাদকসেবীর সংখ্যা বেশি।সহকারী কমিশনার এস এম তানভীর আরাফাত বলেন, ‘বড় মাদক ব্যবসায়ীরা এখনো ধরা পড়েনি। মাদক সেবনের সময় আমরা খুচরা বিক্রেতা ও মাদকসেবীদের গ্রেপ্তার করেছি। মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারে অভিযান চলবে। বরিশাল কলোনিতে আর মাদক ব্যবসা চলবে না।’