চট্টগ্রামে পুলিশের সঙ্গে গুলিবিনিময়ে ডাকাত সর্দার খলিল নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের দুর্ধর্ষ ডাকাতসর্দার সোহেল ওরফে খলিল (৩৭) পুলিশের সঙ্গে গুলিবিনিময়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন তাঁর সহযোগী সিএনজি অটোরিকশাচালক আবুল হোসেন (২৭)। গত রোববার দিবাগত গভীর রাতে হাটহাজারীর ভবানীপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ছয়টি বন্দুক, ৩০টি গুলিসহ ডাকাতির কাজে ব্যবহূত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে।পুলিশ সূত্রে জানা গেছে, খলিলের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় হত্যা ও ডাকাতির অভিযোগে ১৭টি মামলা রয়েছে। এর মধ্যে ১২টি মামলা আদালতে বিচারাধীন এবং পাঁচটি তদন্তাধীন। রোববার রাতে দুটি সিএনজি অটোরিকশা নিয়ে তিনি তাঁর আটজন সহযোগীসহ ডাকাতির উদ্দেশ্যে হাটহাজারী দিয়ে যাচ্ছিলেন। গুলিবিনিময়ের সময় তাঁর অন্য সহযোগীরা পালিয়ে গেছেন।হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. বাবুল আক্তারের ভাষ্যমতে, ডাকাতির জন্য ডাকাতেরা সাধারণত অমাবস্যার অন্ধকারকে কাজে লাগায়। এখন অমাবস্যা ঘনিয়ে আসছে। বিষয়টি মাথায় রেখে পুলিশ ডাকাতদের ধরতে কাজ করছে। রোববার গভীর রাতে আটজন সহযোগীকে নিয়ে সিএনজি অটোরিকশায় করে খলিল ডাকাতির উদ্দেশ্যে শহরতলির অক্সিজেন থেকে হাটহাজারী হয়ে মেখলের দিকে যাচ্ছিলেন। বিষয়টি জানতে পেরে তিনি পুলিশ বাহিনী নিয়ে হাটহাজারী সদরের ভবানীপুর এলাকায় খলিল ও তাঁর সহযোগীদের পথ রোধ করেন।এএসপি বাবুল বলেন, ‘আমাদের বাধা পেয়ে খলিল ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে ১৪-১৫টি গুলি ছোড়ে। পুলিশও পাল্টা ১৫টি গুলি চালায়। খলিল ও হোসেনের পায়ে পুলিশের গুলি লাগে। এ সময় অন্য অটোরিকশায় থাকা পাঁচজনসহ সাতজন ডাকাত পালিয়ে যায়। আমরা আহত খলিল ও হোসেনকে প্রথমে হাটহাজারী থানা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে অতিরিক্ত রক্তক্ষরণে খলিলের মৃত্যু হয়। হোসেনের চিকিত্সা চলছে। খলিলের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।হাটহাজারীর সার্কেল বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে ছয়টি বন্দুক, ৩০টি গুলি, গ্রিল কাটার একটি যন্ত্র, তিনটি কোড়াবারী (পেরেক তোলার যন্ত্র) উদ্ধার এবং একটি সিএনজি অটোরিকশা (নম্বর থ-১১-৫৫৬৫) আটক করেছে। অটোরিকশার চালক হোসেন নিহত খলিলের বিশ্বস্ত সহচর। হোসেনের বিরুদ্ধেও দুটি ডাকাতির মামলা আছে। খলিল বিভিন্ন জায়গায় ডাকাতির কাজে এই হোসেনের অটোরিকশা ব্যবহার করতেন।পুলিশ জানায়, গুলিবিনিময়ে নিহত হওয়ার আগের দিন শনিবার রাতে শহরতলির বায়েজিদ এলাকার একটি বাড়িতে ডাকাতির নেতৃত্ব দিয়েছিলেন খলিল। গত ১৪ ডিসেম্বর চট্টগ্রাম ওয়াসার কর্মচারী সিদ্দিক আহমেদ গ্রামের বাড়ি বোয়ালখালীতে ডাকাতদের হাতে নিহত হন। ওই ডাকাতিরও নেতৃত্বে ছিলেন খলিল।চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার আমেনা বেগম বলেন, খলিলের ডায়েরিতে ৪৬ জন ডাকাতের নামের তালিকা পাওয়া গেছে। তাঁদের মধ্যে ছয়জন কারাগারে আছেন। হাটহাজারী, বোয়ালখালী, রাউজান ও রাঙ্গুনিয়ায় তিনি ডাকাতি করতেন।দুবার গ্রেপ্তার হলেও জামিন পান খলিল: খলিল ১৯৯৫ সাল থেকে টানা তিন বছর ডাকাতি করেছিলেন। ১৯৯৮ সালে তিনি বিদেশে চলে যান। ২০০০ সালে দেশে ফিরে আবার পুরোনো পেশায় জড়িয়ে পড়েন। ২০০৬ সালের দিকে খলিল ডাকাতদের সংঘবদ্ধ একটি দল গড়ে তোলেন। চট্টগ্রামে তাঁর দলটি সবচেয়ে বড় ও দুর্ধর্ষ বলে পুলিশ জানায়।এএসপি বাবুল বলেন, ‘২০০৮ সালের ১৬ মে খলিল আমার হাতে ধরা পড়ে। তিন মাসের মধ্যে সে আবার জামিনে বেরিয়ে ডাকাতি শুরু করে। গত বছরের ১২ মার্চ রাউজান থানার পুলিশ তাকে ফের গ্রেপ্তার করে। কিন্তু ২০ আগস্ট জামিনে বেরিয়ে বড় বড় কয়েকটি ডাকাতির নেতৃত্ব দেয় সে। ২৫ আগস্ট হাটহাজারীর একটি বিয়েবাড়িতে এবং ২৬ আগস্ট রাউজানের একটি বাড়িতে ডাকাতি করে বিপুল মালামাল লুট করে খলিল বাহিনী।’চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জেড এ মোর্শেদ গতকাল এক সংবাদ ব্রিফিংয়ে জানান, চট্টগ্রাম হচ্ছে ডাকাতপ্রবণ এলাকা। গত ডিসেম্বর পর্যন্ত এক বছরে চট্টগ্রামের ১৫টি থানা এলাকায় ৮২টি ডাকাতির ঘটনা ঘটেছে। এর মধ্যে গত বছরের ১ জানুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত ৩৮টি এবং ২৬ মার্চ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৪৪টি ডাকাতির ঘটনা ঘটে। তবে পুলিশের তত্পরতায় বছরের শুরুর তুলনায় পরের দিকে ডাকাতি অনেকটা কমেছে। তিনি স্বীকার করেন, পুলিশের রেকর্ডের বাইরেও ডাকাতির ঘটনা ঘটে থাকতে পারে।