চট্টগ্রামে পুলিশের সঙ্গে জামায়াতের নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ১০
চট্টগ্রামে মুরাদপুর এবং দুই নম্বর গেট এলাকায় জামায়াতের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে জামায়াতের নেতা-কর্মীরা পুলিশের গাড়ি ভাঙচুর করেছেন। এতে নগর পুলিশের পাঁচলাইশ অঞ্চলের সহকারী কমিশনার আবদুল মান্নানসহ উভয় পক্ষের ১০-১২ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের স্থানীয় বেসরকারি একুশে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ জামায়াতের ২৬ জন নেতা-কর্মীকে আটক করেছে।আজ সোমবার বিকেলে জামায়াতের নেতা-কর্মীরা মুরাদপুর এলাকায় জড়ো হয়ে মিছিল করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষের একপর্যায়ে নেতা-কর্মীরা পাথর দিয়ে আবদুল মান্নানের মাথা থেঁতলে দেন। এ সময় আবদুল মান্নানের দেহরক্ষী রেদোয়ান আহমেদ ও গাড়িচালক আশরাফ আহত হন। এর পরই জামায়াতের নেতা-কর্মীরা নগরের দুই নম্বর গেট এলাকায় জড়ো হয়ে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ বাধে।নগর পুলিশের বিশেষ উপকমিশনার ফারুক আহমদ সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।