চট্টগ্রামে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ
ইলিয়াস আলীকে জীবিত অবস্থায় ফেরত, কেন্দ্রীয় নেতাদের নামে দায়ের করা মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের মুক্তির দাবিতে গতকাল রোববার বিক্ষোভ করার সময় চট্টগ্রামে বিএনপি ও জামায়াতের কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৩০ পুলিশ ও চার আলোকচিত্র সাংবাদিকসহ শতাধিক দলীয় নেতা-কর্মী আহত হয়েছেন। একই দাবিতে জেলা সদরগুলোতে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। নেত্রকোনায় মিছিল করতে চাইলে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ বাধে। নীলফামারীতেও ব্যাপক সংঘর্ষ হয়। গাইবান্ধায় পুলিশের গ্রেপ্তার অভিযানের কারণে প্রধান বিরোধী দল মিছিলই বের করতে পারেনি। এসব ঘটনায়ও পুলিশসহ বহু লোক আহত হয়। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও বিএনপির নেতা-কর্মীদের বরাত দিয়ে ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: চট্টগ্রাম: চট্টগ্রামে বিকেল চারটা থেকে শুরু হয়ে সন্ধ্যা সাতটা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলে। কাজীর দেউড়িতে সূত্রপাত হয়ে সংঘর্ষ দ্রুত নিউমার্কেট, ওয়াসা মোড়, লালখান বাজার, টাইগারপাস, মুরাদপুর, আগ্রাবাদ, বহদ্দারহাট, চকবাজার, মেহেদীবাগসহ নগরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। পুলিশ বলেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা চার শতাধিক রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেছে। নগর পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম গতকাল রাতে প্রথম আলোকে বলেছেন, এ ঘটনায় ৪৭ জনকে আটক করা হয়েছে। পুলিশ সূত্র জানিয়েছে, ১৮ দলীয় জোটের সমাবেশ ও গণমিছিল উপলক্ষে বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বরে জোটের নেতা-কর্মীরা জড়ো হচ্ছিলেন। এই কর্মসূচিতে অংশ নিতে বিকেল পৌনে চারটার দিকে জামায়াত-শিবিরের কর্মীরা সার্কিট হাউসের সামনে জড়ো হন। বিকেল চারটার দিকে তাঁরা সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে নাসিমন ভবনের দিকে অগ্রসর হন। মিছিলটি কাজীর দেউড়ি মোড় পার হওয়ার সময় পুলিশ বাধা দেয়। প্রথমে পুলিশের সঙ্গে তাঁদের বাগিবতণ্ডা হয় এবং পরে তাঁরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানান, জামায়াত-শিবিরের কর্মীরা পুলিশের দিকে বৃষ্টির মতো ইটপাটকেল ছুড়ছিলেন। এ সময় তাঁরা লাঠিসোঁটা নিয়ে পুলিশকে ধাওয়া করেন। একপর্যায়ে পুলিশ পিছু হটে আসে। কাজীর দেউড়িতে জামায়াত-শিবিরে মিছিলের পর একই পথ দিয়ে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির একটি মিছিলও নাসিমন ভবনের দিকে যাচ্ছিল। তারাও সংঘর্ষের মধ্যে পড়ে যায়। সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে নাসিমন ভবন চত্বরে আগে থেকে জড়ো হওয়া নেতা-কর্মীরাও রাস্তায় এসে পুলিশি বাধার প্রতিবাদ জানান। একপর্যায়ে পুলিশ তাঁদের ধাওয়া করে। এরপর তুমুল সংঘর্ষ শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের একপর্যায়ে বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকেরা বিভিন্ন সড়কে ছড়িয়ে-ছিটিয়ে পড়েন এবং নির্বিচারে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। দলীয় কর্মীদের দেওয়া আগুনে নগরের লালখান বাজার, ওয়াসা মোড় ও নাসিমন ভবনের সামনে তিনটি প্রাইভেট কার এবং নিউমার্কেট এলাকায় একটি বাস পুড়ে যায়। নীলফামারী: বিএনপির নেতা-কর্মীরা বেলা সাড়ে ১১টার দিকে একটি মিছিল বের করেন। পুলিশ তাতে বাধা দেয়। এ সময় বাগিবতণ্ডার একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। গাইবান্ধা: নেতা-কর্মীরা মিছিল করার জন্য জেলা বিএনপির কার্যালয়ে আসার পথে শহরের বিভিন্ন স্থান থেকে ১২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আর মিছিল হয়নি।