চট্টগ্রামে পুলিশের সঙ্গে সংঘর্ষ, নিহত ৩
মানবতা বিরোধী অপরাধী আবদুল কাদের মোল্লার সাজার রায় ঘোষণার পর ও আজ বুধবার সন্ধ্যায় চট্টগ্রামে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে ১৬ পুলিশসহ কমপক্ষে ৩০ জন আহত হন। নিহতরা হলেন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্র ইমরান খান (২৪), ইয়ংওয়ান গ্রুপের কর্মচারী শফিকুল ইসলাম (২৫) ও ফেরিওয়ালা আফজাল হোসেন (২০)। এদিকে অগ্নিসংযোগ-ভাঙচুর, ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার রাজধানীতে সকাল-সন্ধ্যা হরতাল করেছে জামায়াত-শিবির। এ সময় অন্তত ৩০টি ককটেল বিস্ফোরণ, তিনটি গাড়িতে অগ্নিসংযোগ ও অন্তত আটটি গাড়ি ভাঙচুর করা হয়।চট্টগ্রামে সংঘর্ষ: রায় ঘোষণার পরই আজ দুপুরে চট্টগ্রাম নগরের অলংকার মোড় ও মুরাদপুর এলাকায় পুলিশের ওপর হামলা চালায় জামায়াত-শিবির। এ সময় পুলিশের ওপর গুলি ও ককটেল নিক্ষেপ করে শিবির কর্মীরা। পুলিশ পাল্টা গুলি চালালে নগরের অলংকার মোড়ে একজন নিহত হন। নিহত ইমরান খান চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট শাখা শিবিরের সাথী ছিলেন বলে দাবি করেছে জামায়াত। তিনি ওই ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। গুলিবিদ্ধ ছয় শিবির কর্মীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর সোয়া একটার দিকে চট্টগ্রামের অলংকার মোড়ের তিন দিক থেকে মিছিল বের করে জামায়াত-শিবির কর্মীরা। তাঁরা অলংকার মোড়ের পুলিশ বক্সের সামনে ১৫টি ককটেল বিস্ফোরণ ঘটান। পুলিশ সদস্যরা বক্সের ভেতর অবস্থান নিলে পুলিশ ভ্যানসহ কয়েকটি যানে আগুন লাগিয়ে দেন তাঁরা। এসময় চারটি রকেট (রকেট প্যারাসুট ফ্লেম সিগন্যাল) নিক্ষেপ করে হামলাকারীরা। পুলিশ প্রায় দেড়শ রাউণ্ড শর্ট গানের গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘তিন দিকে অর্তকিতে হামলা চালায় জামায়াত-শিবির। এসময় তাঁরা গুলি ছাড়াও রকেট নিক্ষেপ এবং কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটালে গোটা এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। আত্মরক্ষার্থে পুলিশ গুলি ছোড়ে। পরে গুলিবিদ্ধ একজন হাসপাতালে মারা যায়।’অলংকার মোড়ে পুলিশের ওপর হামলার ঘটনায় পাহাড়তলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফসহ ১০ পুলিশ সদস্য আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে সাতজনকে গ্রেপ্তার করেছে। একই সময়ে নগরের বহদ্দারহাট মোড় থেকে প্রায় পাঁচ শতাধিক হরতাল সমর্থক মিছিল থেকে পুলিশের ওপর হামলা ও গুলি চালায়। এ সময় পুলিশ পিছু হটে। পিছু হটা পুলিশ সদস্যরা বেতার বার্তায় সিএমপি সদর থেকে সাহায্য চায়। ততক্ষণে নগরের মুরাদপুর, মোহাম্মদপুর, মির্জারপুল ও পাঁচলাইশ থানার মোড়ে অবস্থান নিয়ে জামায়াত-শিবির কর্মীরা তাণ্ডব চালাতে থাকে। পরে বাড়তি পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বহদ্দারহাটের ঘটনায় জামায়াত-শিবির কর্মীরা ২০টি গাড়ি ও একটি মোটর সাইকেল জ্বালিয়ে দেয়। এক পর্যায়ে মুরাদপুর মোড় থেকে জামায়াত-শিবির কর্মীরা গুলি করতে করতে পাঁচলাইশ থানার দিকে চলে যায়। তাঁরা থানা চত্বরের কাছাকাছি এলে পুলিশ পালটা গুলি চালায়। সন্ধ্যা পৌনে সাতটার দিকে আগ্রাবাদের শেখ মুজির রোডে আবার পুলিশের ওপর হামলা চালায় জামায়াত-শিবির কর্মীরা। এ সময় সংঘর্ষে ফেরিওয়ালা আফজাল হোসেন ও তৈরি পোশাক উত্পাদনকারী প্রতিষ্ঠান ইয়ংওয়ানের কর্মচারী শফিকুল ইসলাম নিহত হয়। এর মধ্যে একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে আফজাল এবং লাঠির আঘাতে শফিকুল মারা গেছে বলে চিকিত্সকরা জানিয়েছেন। সংঘর্ষে অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শহীদুল্লাহ মাথায় আঘাত পান। তাঁর মাথায় কয়েকটি সেলাই দেওয়া হয়েছে। পাঁচলাইশ অঞ্চলের সহকারী কমিশনার আবদুর রউফ ও থানার ওসি প্রদীপ কুমার দাশসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন। চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) মিরাজ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘বিনা উসকানিতে মিছিলকারীরা পুলিশের ওপর গুলি ছোড়ে। চট্টগ্রাম মহানগর পুলিশ কাল বুধবারের হরতাল কর্মসূচী মোকাবিলার জন্য বিজিবি সদস্য চেয়েছে।