চট্টগ্রামে পুলিশের হেফাজতে মৃত্যু তদন্তের নির্দেশ
চট্টগ্রামে পুলিশ হেফাজতে মানিক নামের এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনা পুলিশ ছাড়া অন্য কোনো সংস্থার মাধ্যমে তদন্ত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মো. দেলোয়ার হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের করা রিটের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।এ ঘটনায় ফৌজদারি কার্যবিধি ও অন্যান্য আইনের বিধান অনুযায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা লিখিত আকারে চট্টগ্রামের পুলিশ কমিশনারকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। অতি দ্রুত নিহতের সুরতহাল ও ময়নাতদন্তের প্রতিবেদন আদালতে দাখিল করতে চট্টগ্রামের পুলিশ কমিশনার ও সিভিল সার্জনকে বলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত পুলিশের উপ-পরিদর্শক ইউনুস মিঞাকে ২৩ মে হাইকোর্টে হাজির হয়ে ঘটনা সম্পর্কে হলফনামা দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া পুলিশ হেফাজতে আটক ব্যক্তিদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করেছেন আদালত। পাশাপাশি পুলিশ হেফাজতে নিহতের ঘটনার সঙ্গে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না—এ মর্মে কারণ দর্শাতে বলা হয়েছে। তিন সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, পুলিশ কমিশনার, চট্টগ্রাম বিভাগের ডিআইজিসহ সংশ্লিষ্টদের তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।উল্লেখ্য, চট্টগ্রামে পুলিশি নির্যাতনে মানিকের নিহত হওয়ার ঘটনার সংবাদ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। এ সংবাদের অনুলিপি সংযুক্ত করে হাইকোর্টে মানবাধিকার সংগঠনটির পক্ষে মনজিল মোরশেদ রিট দায়ের করেন ও শুনানি করেন। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম তালুকদার।রিট আবেদনকারী পক্ষের আইনজীবী শুনানিতে বলেন, সংবিধান অনুযায়ী প্রতিটি নাগরিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। অথচ রাষ্ট্রের পুলিশ বাহিনী নির্যাতন চালিয়ে একজন নাগরিককে হত্যা করেছে। পুলিশ দিয়ে এ ঘটনার তদন্ত করলে তা সুষ্ঠু হবে না। কারণ পুলিশ নিজেরা নিজেদের দোষ দেখতে পাবে না। তাই অন্য কোনো সংস্থা দিয়ে ঘটনার তদন্ত হওয়া প্রয়োজন। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া প্রয়োজন।