চট্টগ্রামে পৃথক আগুনে ১৬ দোকান-গুদাম পুড়ে গেছে
চট্টগ্রাম নগর ও মিরসরাইয়ের পৃথক অগ্নিকাণ্ডে ১৫টি দোকান ও একটি তুলার গুদাম পুড়ে গেছে। গতকাল শুক্রবার গভীর রাতে নগরের হামজারবাগ ও মিরসরাইয়ের আবুরহাটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে সাড়ে ১৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মিরসরাইয়ের আবুরহাট বাজারের একটি দোকানে রাত সাড়ে চারটার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের একটি গাড়ি প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে বাজারের ১৫টি দোকান পুড়ে গেছে। এর মধ্যে মুদি, পান-সিগারেট, মোবাইল ফোনের দোকান রয়েছে। আগুনে ফায়ার সার্ভিস থেকে ১৫ লাখ টাকা ক্ষতি হয় বলে জানানো হয়। তবে ক্ষতিগ্রস্ত দোকানিরা ক্ষয়ক্ষতি আরও বেশি বলে দাবি করেছেন। অন্যদিকে রাত আড়াইটার দিকে বায়েজিদ থানাধীন হামজারবাগ এলাকার আবুল হোসেনের তুলার গুদামে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের তিনটি গাড়ি দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।