চট্টগ্রামে পৃথক দুই মামলায় টিআইবির তিন কর্মকর্তার জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে পৃথক দুই মামলায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) তিন শীর্ষ কর্মকর্তা আজ রোববার জামিন পেয়েছেন। তাঁরা হলেন টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম হাফিজউদ্দিন খান, নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান ও সিনিয়র ফেলো মো. ওয়াহিদ আলম।এই তিন শীর্ষ কর্মকর্তা আজ চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কেশব রায় চৌধুরী ও চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমানের আদালতে হাজির হন। তাঁদের পক্ষে জামিনের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। এর আগে গত বছরের ২৬ ডিসেম্বর এই তিন কর্মকর্তাকে আদালতে হাজির হতে সমন জারি করেন চট্টগ্রামের দুটি আমলি আদালত। স্থানীয় দুই আইনজীবীর আলাদা আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাঁদের চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে এবং চট্টগ্রামের বিচারিক হাকিম আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন।জামিন পেয়ে টিআইবির তিন শীর্ষ কর্মকর্তা বলেন, ‘আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই আদালতের নির্দেশ মেনে এখানে হাজির হয়েছি। আমরা ন্যায় বিচার পেয়েছি।’আদালত সূত্র জানায়, চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমানের আদালতে আইনজীবী মোহাম্মদ মহিউদ্দিন ও বিচারিক হাকিম কেশব রায় চৌধুরীর আদালতে আইনজীবী মোহাম্মদ মুজিবুল হক মামলা করেন।উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর ঢাকায় বিআইআইএসএস মিলনায়তনে খানা জরিপে ‘দুর্নীতির শীর্ষে বিচার বিভাগ’ শীর্ষক একটি জরিপ কার্ড প্রকাশ করে টিআইবি। এরই পরিপ্রেক্ষিতে ওই মামলা দায়ের করা হয়। মামলা দুটির অভিযোগে বলা হয়, অভিযুক্ত ব্যক্তিরা উদ্দেশ্যমূলকভাবে ও ষড়যন্ত্রের অংশ হিসেবে সীমিতসংখ্যক ব্যক্তির শুধু অনুমাননির্ভর অভিজ্ঞতার ওপর ভিত্তি করে তথাকথিত জরিপের প্রতিবেদন প্রকাশ করেছে। জরিপে বিচার বিভাগকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত হিসেবে টিআইবি চিহ্নিত করে, যা মানহানিকর অপরাধ সংঘটন করেছে।