চট্টগ্রামে পোশাক কারখানাসহ দুই প্রতিষ্ঠানকে জরিমানা
অগ্নিনির্বাপণ-ব্যবস্থা ও নিরাপত্তা সরঞ্জাম পর্যাপ্ত না থাকায় চট্টগ্রামে একটি পোশাক কারখানা ও একটি বৈদ্যুতিক সামগ্রী বিক্রির প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।আজ রোববার চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উদ্যোগে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আশফিকুন নাহার। ফায়ার সার্ভিস সূত্র জানায়, অগ্নিনির্বাপণ সনদ ও সরঞ্জাম না থাকায় নগরের বহদ্দারহাট এলাকার ইলেকট্রনিক সিটি নামের বিক্রয় প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। নগরের কাপ্তাই এলাকার টু ইউ ফ্যাশন প্রাইভেট লিমিটেড নামের একটি পোশাক তৈরির কারখানাকে ২৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপসহকারী পরিচালক জসিম উদ্দিন প্রথম আলো ডটকমকে বলেন, ‘পোশাক কারখানাটির সিঁড়ি সরু। কারখানাটিকে ১৫ দিনের সময় দিয়ে নতুন নির্ধারিত মাপের সিঁড়ি তৈরি করতে বলা হয়েছে। বৈদ্যুতিক সামগ্রী বিক্রির প্রতিষ্ঠানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে পাঁচ দিনের সময় দেওয়া হয়েছে।’