চট্টগ্রামে পৌর মেয়র ও কাউন্সিলরদের শপথ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পৌরসভা নির্বাচনে চট্টগ্রাম বিভাগের ১৪টি পৌর এলাকার নির্বাচিত মেয়র ও কাউন্সিলররা আজ মঙ্গলবার শপথ গ্রহণ করেছেন। শপথ শেষে মেয়র ও কাউন্সিলররা সাংসদ ও উপজেলা চেয়ারম্যানদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এলাকার উন্নয়নকাজ পরিচালনা করার আশা প্রকাশ করেন। নগরের সার্কিট হাউসে বিভাগীয় কমিশনার সিরাজুল হক খান তাঁদের শপথ বাক্য পাঠ করান। চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি—এ চার জেলার মোট ১৮১ জন মেয়র ও কাউন্সিলর শপথ গ্রহণ করেন। এর মধ্যে ১৪ জন মেয়র, ৪২ জন সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর ও ১২৫ জন সাধারণ কাউন্সিলর শপথ নেন। মিরসরাইয়ের বারৈয়ারহাট পৌরসভার একটি ওয়ার্ডের ফলাফল স্থগিত থাকায় ওই ওয়ার্ডের কাউন্সিলর এখনো মনোনীত করা যায়নি। প্রসঙ্গত, গত ১৮ জানুয়ারি চট্টগ্রামের নয়টি ও তিন পার্বত্য জেলার পাঁচটি পৌর এলাকায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।