চট্টগ্রামে প্রতিদিন নামছে ৪০টি গাড়ি, দুই দিনে গণপরিবহন একটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ৬০ বর্গমাইল আয়তনের চট্টগ্রাম শহরে প্রতিদিন বাড়ছে মানুষ। মানুষের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গাড়ি। অথচ এই গাড়ির মধ্যে গণপরিবহনের সংখ্যা একেবারেই হাতেগোনা। প্রতিদিন যেসব গাড়ি নামছে, তার মধ্যে মোটরকার ও জিপসহ অন্যান্য ব্যক্তিগত গাড়ির সংখ্যাই বেশি। জানা গেছে, প্রতিদিন চট্টগ্রাম নগরে ৪০টির বেশি গাড়ি নামছে। এর মধ্যে ব্যক্তিগত গাড়ি নামছে ৩৪টি, যা মোট গাড়ির ৮৫ শতাংশ। অন্যদিকে বাস-মিনিবাস, হিউম্যান হলারের মতো গণপরিবহন নামার হার ১ শতাংশের কম। অর্থাৎ প্রতি দুই দিনে একটি গণপরিবহন নামছে। ব্যক্তিগত গাড়ি বেশি নামার কারণে নগরে যানজট ভয়াবহ রূপ নিচ্ছে। পরিস্থিতি সামাল দিতে সাতটি সড়ক একমুখী করা হয়েছে। এর পরও লাভ হচ্ছে না। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) প্রধান নগর পরিকল্পনাবিদ শাহীনুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, জনসংখ্যা ও যানবাহন বাড়ার হার বিবেচনা করে নতুন সড়ক তৈরির চিন্তাভাবনা আছে। সেই অনুযায়ী নগরের প্রধান কয়েকটি সড়ক চওড়া করা হচ্ছে। বহদ্দারহাট থেকে বারিক বিল্ডিং পর্যন্ত যে রাস্তা আছে, তার আদলে আরও কয়েকটি রাস্তা এবং আউটার রিং রোড করার পরিকল্পনা আছে। চউকের হিসাব অনুযায়ী, শহরের মোট আয়তনের মাত্র ৮ শতাংশ সড়ক আছে। যদিও একটি নগরের জন্য ২৫ শতাংশ রাস্তাকে আদর্শ মান হিসেবে বিবেচনা করা হয়। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সূত্র জানায়, গত ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত ছয় মাসে চট্টগ্রামের রাস্তায় সাত হাজার ৩১৫টি গাড়ি নেমেছে। এর মধ্যে ব্যক্তিগত গাড়ির সংখ্যা ছয় হাজার ১৯৮টি। মোটরকার, জিপ, মাইক্রোবাস ও মোটরসাইকেল ব্যক্তিগত গাড়ির শ্রেণীতে পড়ে। সূত্র জানায়, গত ছয় মাসে মোটরকার নেমেছে এক হাজার ৬১৪টি। সেই হিসাবে প্রতিদিন গড়ে প্রায় নয়টি মোটরকার নেমেছে। একইভাবে ছয় মাসে জিপ ও মাইক্রোবাস নেমেছে ৬৯১টি, যা প্রতিদিনের হিসাবে গড়ে চারটি। ছয় মাসে সবচেয়ে বেশি নেমেছে মোটরসাইকেল, যার সংখ্যা তিন হাজার ৮৯৩টি। নগর পুলিশের যানবাহন শাখা সূত্র জানায়, ব্যক্তিগত গাড়ি রাস্তায় নামার হার বেড়ে যাওয়ায় নগরে যানজট বাড়ছে। পুলিশের যানবাহন শাখার কর্মকর্তারা কয়েকটি সড়ককে একমুখী করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। সম্প্রতি বাদশা মিঞা সড়ক ও মেহেদীবাগের গোলপাহাড় সড়কটি একমুখী করা হয়েছে। এর আগে এম এম আলী সড়ক, আন্দরকিল্লা, গরীবউল্লাহ শাহ মাজারসংলগ্ন সড়ক, জিইসি মোড়ের ওআর নিজাম সড়ক এবং চকবাজারের চান মিয়া সড়ক একমুখী করা হয়। পাহাড়তলীর বউবাজার সড়কটিও দ্রুত একমুখী করা হবে। বিআরটিএ সূত্র জানায়, ছয় মাসে চট্টগ্রামে ২৬টি বাস, ৩৫টি মিনিবাস, ৩৫টি অটোটেম্পো ও ১৭টি হিউম্যান হলারের নিবন্ধন হয়েছে। এ চার শ্রেণীর গাড়ি গণপরিবহন হিসেবে পরিচিত। সূত্র আরও জানায়, চট্টগ্রামে ১৯৯০ থেকে ২০১০ সাল পর্যন্ত ফিটনেস গাড়ির সংখ্যা ৮১ হাজার ৬৭২টি। এসব গাড়িসহ ১৯৯০ সালের আগে নিবন্ধিত গাড়িও নগরের রাস্তায় চলাচল করছে।জানা গেছে, ২০০৮ সালে চউকের প্রণীত বিশদ অঞ্চল পরিকল্পনায় (ডিটেইলড এরিয়া প্ল্যান) বলা আছে, চট্টগ্রাম শহরে বছরে জনসংখ্যা বাড়ার হার ৬ শতাংশ। এ হিসাবে প্রতিদিন শহরে জনসংখ্যা বাড়ছে ৬৫৭ জন করে। নগরে বর্তমান জনসংখ্যা ৪০ লাখের বেশি। এ ছাড়া প্রতিদিন নানা কারণে শহরে ঢুকছে ২৫ হাজার লোক। কাজ শেষে তারা আবার গ্রামে ফিরে যাচ্ছে। এসব যাত্রীদের জন্য সেই হারে গণপরিবহন নেই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের শিক্ষক আবদুল হক বলেন, ‘আমাদের পর্যবেক্ষণে শহরে জনসংখ্যা বৃদ্ধির হার ৬ শতাংশের বেশি। সুতরাং নগর সম্প্রসারণ এবং অবকাঠামোগত সুযোগ-সুবিধা বাড়ানো উচিত।’ চউক সূত্র জানায়, ষোলশহর থেকে অক্সিজেন মোড়, প্রবর্তক মোড় থেকে ষোলশহর, নিউমার্কেটসংলগ্ন কালিবাড়ী থেকে সদরঘাট সড়ক চওড়া করার কাজ প্রায় শেষ পর্যায়ে। চকবাজার থেকে বহদ্দারহাট পর্যন্ত রাস্তাটিও চওড়া করার কাজ চলছে। আর চকবাজার থেকে আন্দরকিল্লা মোড় পর্যন্ত সিরাজদ্দৌলা সড়ক চওড়া করা হয়েছে। এর পরও বাড়তি জনসংখ্যা ও যানবাহনের জন্য তা অপ্রতুল। পুলিশের উপকমিশনার (যানবাহন) ফারুক আহমেদ নগরে বাড়তি ব্যক্তিগত গাড়ির চাপের কথা নিশ্চিত করে বলেন, বাইপাস সড়ক নির্মাণ ও বিদ্যমান সড়কগুলো চওড়া করার কোনো বিকল্প নেই। চট্টগ্রামে ট্রাক টার্মিনাল ও শহরতলিতে বাস টার্মিনাল নির্মাণ করতে হবে। আর বন্দর ব্যবহারকারী গাড়ির জন্য আলাদা রাস্তা তৈরি করতে পারলে নগরে যানজট সমস্যা নিয়ন্ত্রণে রাখা যাবে।বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সহকারী পরিচালক মো. মাসুদ আলম বলেন, নগরে যানজট নিয়ন্ত্রণে রাখতে হলে দ্রুত ও ধীরগতির গাড়ির জন্য আলাদা লেন তৈরি, রাস্তা চওড়া করা, ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ এবং ট্রাফিক আইনের যথাযথ প্রয়োগ ও নগরবাসীর মধ্যে ট্রাফিক আইন মেনে চলার প্রবণতা তৈরি করতে হবে।