চট্টগ্রামে প্রধানমন্ত্রীর ভুয়া প্রোটোকল কর্মকর্তা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগর পুলিশের এক কর্মকর্তাকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগে আজ শনিবার এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। ওই ব্যক্তির নাম বিশ্বজিত্ দে (৩৭)। তিনি প্রধানমন্ত্রীর প্রোটোকল কর্মকর্তা পরিচয় দিয়ে গতকাল শুক্রবার রাতে ওই পুলিশ কর্মকর্তাকে হুমকি দেন। পুলিশ সূত্র জানায়, স্থানীয় একজন সাংবাদিকের প্রাইভেট কারের (ব্যক্তিগত গাড়ি) সঙ্গে আরেকটি গাড়ির সংঘর্ষের জের ধরে বিশ্বজিত্ দে গতকাল রাতে নগরের উত্তরাঞ্চলের উপ-পুলিশ কমিশনার আমেনা বেগমকে ফোনে হুমকি দেন। এ সময় তিনি নিজেকে প্রধানমন্ত্রীর প্রোটোকল কর্মকর্তা প্রলয় জোয়ার্দ্দার হিসেবে পরিচয় দেন।উপ-পুলিশ কমিশনার আমেনা বেগম এ প্রসঙ্গে প্রথম আলোকে জানান, ‘বিশ্বজিত্ নিজেকে প্রধানমন্ত্রীর প্রোটোকল কর্মকর্তা পরিচয় দিয়ে আমার সঙ্গে দুর্ব্যবহার করেন। পরে আমি বিষয়টি যাচাই করে জানতে পারি ভুয়া পরিচয় দিয়ে একজন ব্যক্তি আমার সঙ্গে খারাপ আচরণ করেছেন। তাঁকে গ্রেপ্তার করে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।’ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার সঙ্গে দুর্ব্যবহার ও প্রতারণার অভিযোগে বিশ্বজিতের বিরুদ্ধে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন বাদী হয়ে একটি মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) সদীপ দাশ বলেন, গত বৃহস্পতিবার রাতে জামাল খান এলাকায় স্থানীয় কয়েকজন যুবক সাংবাদিক ইয়াছিন হীরার গাড়িকে ধাক্কা দেয়। পরে ওই সাংবাদিক থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর জের ধরে গতকাল রাত সাড়ে ১০টার দিকে বিশ্বজিত্ নিজেকে প্রধানমন্ত্রীর প্রোটোকল কর্মকর্তা পরিচয় দিয়ে উপ-পুলিশ কমিশনারকে মুঠোফোনে হুমকি দেন। বিশ্বজিত্ নিজেকে আমদানি ও রপ্তানি ব্যবসার সঙ্গে জড়িত বলে দাবি করেন। তিনি আজ সাংবাদিকদের বলেন, ‘আসলে আমার ভুল হয়ে গেছে।’