চট্টগ্রামে ফেনসিডিল ধ্বংস করেনি পুলিশ বিভাগীয় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের কোতোয়ালি থানা মালখানার ৯৮০ বোতল ফেনসিডিল ধ্বংস করার কোনো প্রমাণ পায়নি তদন্ত কমিটি। ওই ঘটনায় পুলিশের তৎকালীন দুই উপপরিদর্শক (এসআই) ও একজন সহকারী পুলিশ কমিশনারকে দায়ী করা হয়েছে। দুই এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। আর সহকারী পুলিশ কমিশনারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ সদর দপ্তরকে অনুরোধ করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ। গত বছরের জুনে ওই ফেনসিডিল ধ্বংস করার দাবি করেছিল পুলিশ।জানা গেছে, ওই তিন পুলিশ কর্মকর্তা হলেন কোতোয়ালি অঞ্চলের তৎকালীন সহকারী কমিশনার কাজী হেলাল উদ্দিন, এসআই শাহীন কামাল ও গোলাম মোস্তফা। তাঁদের মধ্যে শাহীন সম্প্রতি পদোন্নতি পেয়ে পুলিশ পরিদর্শক হন। তিনি পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) হিসেবে কুড়িগ্রামে আর এসআই গোলাম মোস্তফা চট্টগ্রামের শিল্প পুলিশ-৩ এলাকায় কর্মরত বলে জানা গেছে। কাজী হেলালকে ফেনী জেলায় বদলি করা হয়।‘৯৮০ বোতল ফেনসিডিল ধ্বংস এবং পুলিশের বক্তব্য...’ শিরোনামে গত বছরের ৩০ জুন প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ফেনসিডিলগুলো ধ্বংস না করে মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান করে প্রতিবেদনটি তৈরি করা হয়। এরপর চট্টগ্রাম মহানগর পুলিশ কর্তৃপক্ষ তৎকালীন উপকমিশনার (উত্তর) বনজ কুমারকে ঘটনাটি তদন্তের দায়িত্ব দেয়। তিনি গত বছরের ১৪ অক্টোবর এ-সংক্রান্ত প্রতিবেদন দাখিল করেন।তদন্ত প্রতিবেদনে বলা হয়, ‘...জবানবন্দি এবং আনুষঙ্গিক বিষয়াদি পর্যালোচনায় প্রতীয়মান হয়, কোতোয়ালি থানায় কোনো ফেনসিডিল ধ্বংস করা হয়নি।...পরে বিভিন্ন সময়ে খালি বোতল ভাঙার দৃশ্যের ছবি সংযোজন করা হয়েছে। কোতোয়ালি থানায় ডিজিটাল ক্যামেরায় ধারণ করা ফেনসিডিলের বোতল ভাঙার ছবির মেমোরি কার্ড সংরক্ষণ করা হয়েছে।’বনজ কুমারের তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর পুলিশ সদর দপ্তরের সিকিউরিটি সেলের পরিদর্শক কাজী নজরুল ইসলাম গোপনে ঘটনাটি তদন্ত করেন। তিনিও প্রতিবেদনে ওই তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পান। তাঁর প্রতিবেদনের উপসংহারে বলা হয়, ‘...তিনজনের বিরুদ্ধে অভিযোগ দালিলিকসহ সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে।’ গত বছরের ২৮ ডিসেম্বর তিনি ওই প্রতিবেদন পুলিশ সদর দপ্তরের এআইজির (সিকিউরিটি সেল) কাছে দাখিল করেন।চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবুল কাশেম প্রথম আলোকে বলেন, ‘আমি চট্টগ্রামে যোগ দেওয়ার আগে এ ঘটনা ঘটেছে। পরে বিষয়টি তদন্ত হয়। নিয়ম অনুযায়ী দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’পুলিশ সূত্র জানায়, শাহীন কামাল ও গোলাম মোস্তফার বিরুদ্ধে গত বছরের ৩০ ডিসেম্বর পুলিশ রেগুলেশন অব বেঙ্গল (পিআরবি) বিধি অনুযায়ী মামলা হয়েছে, যার নম্বর ৩৮/২০১০। আর সহকারী কমিশনার কাজী হেলালের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিভাগীয় ব্যবস্থা নিতে পুলিশ সদর দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে। দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানা গেছে। মামলার তদন্ত ও অগ্রগতি সম্পর্কে গত ১৯ মার্চ পুলিশ সদর দপ্তরের এআইজির (সিকিউরিটি সেল) কাছে প্রতিবেদন পাঠায় চট্টগ্রাম নগর পুলিশ।গত বছরের ৬ ও ১৩ জুন দুই দফায় কোতোয়ালি থানা ভবনে ৯৮০ বোতল ফেনসিডিল ধ্বংস করা হয় বলে এসআই মোহাম্মদ গোলাম মোস্তফা আদালতে প্রতিবেদন দাখিল করেন। গত বছরের ২০ জুন কোতোয়ালি থানায় প্রতিবেদনটি দাখিল করা হয়। এ-সংক্রান্ত মামলা মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন।আদালত সূত্র জানায়, গত বছরের ১৬ মার্চ নগরের দামপাড়া এলাকায় একটি মাইক্রোবাস ধাওয়া করে পুলিশ ৯৯০ বোতল ফেনসিডিল আটক এবং এক যুবককে গ্রেপ্তার করে। চট্টগ্রাম মহানগর হাকিম আদালত নমুনা হিসেবে ১০ বোতল ফেনসিডিল রেখে বাকি ৯৮০ বোতল ধ্বংস করার আদেশ দেন। ধ্বংস করার সময় কোতোয়ালি অঞ্চলের সহকারী কমিশনারকে উপস্থিত থাকারও নির্দেশ দেন আদালত।