চট্টগ্রামে বাসচাপায় ছাত্র নিহত, সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর
চট্টগ্রামের নাসিরাবাদ টেক্সটাইল এলাকায় ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের শিক্ষার্থীদের বহনকারী একটি বাসের চাপায় দীপঙ্কর দাস (২৩) নামে অপর এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা নগরের বায়েজিদ বোস্তামি সড়ক অবরোধ করে রাখে। এ সময় তাঁরা সেনাবাহিনীর একটি বাস ভাঙচুর করেন। আজ রোববার দুপুর ১২টার দিকে এ ঘটনায় একজন আহত হয়েছে। জানা গেছে, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির নাসিরাবাদ টেক্সটাইল ক্যাম্পাসের আইন বিভাগের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী দীপঙ্করের সেমিস্টার পরীক্ষা ছিল আজ দুপুর সাড়ে ১২টায়। পরীক্ষা দিতে এক বন্ধুর মোটরসাইকেলে করে তিনি ক্যাম্পাসে যাচ্ছিলেন। ক্যাম্পাস থেকে ২০০ গজ দূরে টেক্সটাইল এলাকায় চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের ওই বাসটি পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে দীপঙ্কর ও মোটরসাইকেলের চালক ছিটকে পড়ে গেলে বাসটি দীপঙ্করকে আবারও চাপা দেয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক দীপঙ্করকে মৃত ঘোষণা করেন।মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে তাঁর সহপাঠীসহ ক্যাম্পাসের শিক্ষার্থীরা বায়েজিদ বোস্তামী সড়কে ব্যারিকেড দিয়ে অবরোধ করে রাখেন। এ সময় তাঁরা শহর থেকে ক্যাম্পাসের দিকে আসা সেনাবাহিনীর একটি বাস ভাঙচুর করেন। পাঁচলাইশ অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার আবদুল মান্নান বলেন, অবরোধ তুলে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিষয়টি মীমাংসা করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে একটি বৈঠকের প্রস্তুতি চলছে। তবে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে এখনো কোনো সেনাসদস্য ক্যাম্পাসে আসতে পারেননি।দীপঙ্কর নগরের হামজারবাগ এলাকায় বাবা-মা, ভাই-বোনের সঙ্গে থাকতেন। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে দীপঙ্কর সবার ছোট।