চট্টগ্রামে বাসচাপায় নিহত ২ , আহত ১৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের চৌমুহনী এলাকায় আজ সোমবার সকাল আটটায় বাসচাপায় দুজন গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৩ জন শ্রমিক। হতাহত শ্রমিকেরা সবাই চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) ভেতর ৪ নম্বর সড়কে অবস্থিত পোশাক কারখানা মাল্টিপ্লাস গার্মেন্টস লিমিটেডে শ্রমিক। আহতদের মধ্যে ১২ জন নারীশ্রমিক।নিহত শ্রমিকেরা হলেন, আলেয়া বেগম (৪০) ও রীনা আক্তার (২৮)। আলেয়া বেগমের বাড়ি নগরের আগ্রাবাদ এলাকায় এবং রীনা আক্তারের বাড়ি চাঁদপুরের দক্ষিণ শাহরাস্তি গ্রামে। ডবলমুরিং থানার পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় হতাহত শ্রমিকেরা সবাই কারখানায় যাওয়ার উদ্দেশে বাসের জন্য চৌমুহনীতে অপেক্ষা করছিল। এ সময় দ্রুতগতিতে আসা ওই কারখানার নিজস্ব বাস তাঁদের নেওয়ার জন্য রাস্তার পাশে দাঁড়ানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের চাপা দেয়। পরে আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিত্সাধীন অবস্থায় মারা যান ওই দুই নারী শ্রমিক।আহত শ্রমিকেরা হলেন, সুরমা আক্তার (২৫), রুমা আক্তার (২৮), রোজী আক্তার (২৫), ওয়াহিদা আক্তার (২৫), চম্পা বেগম (২৮), চম্পা আক্তার (১৮), মায়া বেগম (২৫), পারুল আক্তার (৩০), মোছা. নাজমা (২০), হাবিবা (২২), কুলসুম আক্তার (১৮) ও মায়া আক্তার (২২)। এ ছাড়া দুর্ঘটনায় দেলোয়ার হোসেন (৩২) নামের একজন শ্রমিকও আহত হয়েছেন। দুর্ঘটনার পর গাড়ি ফেলে চালক ও সহযোগী পালিয়ে গেছে। পুলিশ গাড়িটি আটক করে।