চট্টগ্রামে বাসচাপায় শ্রমিক নিহত
চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকায় আজ বুধবার সকালে বাসের চাপায় পিন্টু দাস (৩৫) নামের এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। তিনি আগ্রাবাদের শেখ মুজিব রোডের ফ্রাঙ্ক গার্মেন্টসের সুপারভাইজার ছিলেন।এ ঘটনাকে কেন্দ্র করে সকাল সাড়ে আটটা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আগ্রাবাদের শেখ মুজিব রোড অবরোধ করে রাখেন ওই পোশাক কারখানার শ্রমিকেরা। এতে সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং আশপাশের রাস্তাগুলোতেও ব্যাপক যানজটের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকালে কর্মস্থলে যাচ্ছিলেন পিন্টু। শেখ মুজিব রোডে বনানী কমপ্লেক্সের সামনে পৌঁছার পর দ্রুতগামী একটি বাস তাঁকে চাপা দেয়। স্থানীয় লোকজন পিন্টুকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।এর ক্ষুব্ধ শ্রমিকেরা ওই সড়ক অবরোধ করে দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। ভাঙচুর করেন ফায়ার সার্ভিসের গাড়িসহ ১০টি গাড়ি। শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় ২০০ পুলিশ মোতায়েন করা হয়। পরে শ্রমিকদের সঙ্গে পুলিশ ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের আলোচনা হয়। সেখানে নিহত ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন। চট্টগ্রাম পুলিশের উপকমিশনার (পশ্চিম) হাবিবুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, বিক্ষুব্ধ শ্রমিকেরা চার থেকে পাঁচটি গাড়ি ভাঙচুর করেছেন।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশের উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।