চট্টগ্রামে বিএনপি-জামায়াতের ২৫ কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিকেটিং করার অভিযোগে পুলিশ চট্টগ্রামে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২৫ কর্মীকে গ্রেপ্তার করেছে। গতকাল রোববার মধ্যরাত থেকে আজ সোমবার বেলা ১২টা পর্যন্ত এদের গ্রেপ্তার করা হয়। এদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে। চট্টগ্রাম মহানগর পুলিশ সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টা ২০ মিনিটে নগরের বায়েজিদ থানাধীন অক্সিজেন মোড়ে বাসস্ট্যান্ডের কাছে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী সমাবেশ করছিলেন। সেখানে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করে। বেলা সোয়া ১১টার দিকে কর্ণফুলী থানার চর ফরিদ এলাকার হজরত সুলতানুল আউলিয়া মাজারসংলগ্ন এলাকা থেকে পিকেটিং করার সময় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। বেলা পৌনে ১১টার দিকে পিকেটিং করার সময় কাজীর দেউড়ি থেকে নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। সকাল সাড়ে নয়টার দিকে বিএনপির একটি মিছিল আসকারদিঘিপাড় থেকে কাজীর দেউড়ির দিকে যাওয়ার পথে পুলিশ ধাওয়া দিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।সকাল নয়টার দিকে বন্দর থানাধীন ইপিজেড থেকে পিকেটিংয়ের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়। ভোর সাড়ে পাঁচটার দিকে নগরের ওয়াসা মোড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা একটি মিছিল বের করে। পুলিশ সেটি ছত্রভঙ্গ করে দেয় এবং ঘটনাস্থল থেকে একজনকে গ্রেপ্তার করে।গতকাল রাত দেড়টার দিকে খুলশি থানাধীন পাহাড়িকা পেট্রল পাম্পের সামনে পিকেটিং করার সময় তিনজনকে গ্রেপ্তার করে।