চট্টগ্রামে বিএনপি-পুলিশের মধ্যে সংঘর্ষ, আহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালকে কেন্দ্র করে চট্টগ্রাম নূর আহমদ সড়কে আজ রোববার দুপুরে নগর বিএনপির নেতা-কর্মী ও পুলিশের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিপেটার ঘটনা ঘটে। এতে বিএনপির সাত-আটজন কর্মী আহত হয়েছে বলে দাবি করেছে বিএনপি। দুপুর সোয়া ১২টার দিকে ওই সড়কে নগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী নেতা-কর্মীদের নিয়ে একটি সমাবেশ করছিলেন। এর কয়েক গজের ব্যবধানে সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাসিরউদ্দিন সমাবেশ করছিলেন। এ সময় সমাবেশ থেকে কয়েকজন ছুটে এসে সিএনজিচালিত একটি অটোরিকশা ভাঙচুর করে। পুলিশ তাদের ঠেকাতে লাঠিপেটা করে। পরে তারা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঁচটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদত হোসেন বলেন, ‘আমরা শান্তিপূর্ণ সমাবেশ করছিলাম। এ সময় পুলিশ আমাদের ওপর লাঠিচার্জ করে। এতে আমির খসরু মাহমুদ চৌধুরী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দস্তগীর চৌধুরী, ওয়ার্ড কাউন্সিলর মো. ইসলাইলসহ সাত-আটজন আহত হন।’কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম দাবি করেন, সমাবেশ থেকে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়। তারা গাড়ি ভাঙচুর করতে গেলে পুলিশ তাদের লাঠিপেটা করে ছাত্রভঙ্গ করে দেয়।