চট্টগ্রামে বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী মঞ্জুরের মনোনয়নপত্র দাখিল
বিএনপি-সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের মেয়র প্রার্থী এম মঞ্জুর আলম ওরফে মনজু আজ বৃহস্পতিবার বিকেলে স্থানীয় নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ বেলা তিনটা ২৫ মিনিটে বিএনপি ও চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের নেতাদের নিয়ে এম মঞ্জুর আলম নগরের জামাল খান রোডে অবস্থিত স্থানীয় নির্বাচন কার্যালয়ে যান। সেখানে তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমাসহ আনুষঙ্গিক কাজ সারতে তাঁর ২৫ মিনিট লাগে। পরে দলীয় নেতা-কর্মী ও পেশাজীবী নেতাদের নিয়ে তিনি নির্বাচন কমিশন কার্যালয় ত্যাগ করেন। এ সময় তাঁর সঙ্গে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহাদাত্ হোসেন, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন, চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের আহ্বায়ক অধ্যাপক আবুল কাশেম চৌধুরীসহ দলীয় নেতা-কর্মী ও পেশাজীবী নেতারা ছিলেন।গত মঙ্গলবার চট্টগ্রাম উন্নয়ন আন্দোলন নামের একটি পেশাজীবী সংগঠন এম মঞ্জুর আলমকে মেয়র প্রার্থী ঘোষণা করে। আগের দিন সোমবার রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে পরামর্শ করে মঞ্জুরকে মেয়র হিসেবে চূড়ান্ত মনোনয়ন দেন। মঞ্জুর এক-এগারের পর চট্টগ্রাম সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দুই বছর দায়িত্ব পালন করেন।