চট্টগ্রামে বিএনপির কমিটিতে হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি, সন্ত্রাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিদারুল আলম মিয়াজীকে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির নতুন কমিটির গণশিক্ষাবিষয়ক সম্পাদক করা হয়েছে। একটি হত্যা মামলায় তাঁর ১৪ বছর সাজা হয়েছে। তাঁর বিরুদ্ধে তিনটি হত্যাসহ ছয়টি মামলা রয়েছে। তিনি মিরসরাই পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।দিদার অবশ্য দাবি করেন, ‘১৯ বছর আগে জনৈক জসিম হত্যা মামলায় আমাকে শত্রুতাবশত আসামি করা হয়। ওই মামলায় নিম্ন আদালতে আমার ১৪ বছরের সাজা হয়। তবে হাইকোর্ট থেকে আমি জামিন নিয়েছি। এর বাইরে আমার বিরুদ্ধে ছয়টি নয়, একটি মামলা থাকতে পারে। রাজনীতি করলে তো মামলার আসামি হওয়া স্বাভাবিক।’তবে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির প্রথম আলোকে নিশ্চিত করেন, দিদারের বিরুদ্ধে তিনটি হত্যাসহ ছয়টি মামলা রয়েছে থানায়। তিনি মিরসরাই পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।জানা গেছে, কেন্দ্র থেকে ১৩ জানুয়ারি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির ১৫১ সদস্যের কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে দলের ত্যাগী ও অভিজ্ঞ নেতাদের বাদ দিয়ে সন্ত্রাসী, প্রবাসী ও সরকারি চাকরিজীবীদের জায়গা করে দেওয়ার অভিযোগ ওঠে। বাদ পড়া নেতারা গত মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, ঘোষিত কমিটির ছয়জন বিদেশে থাকেন। ১৮ জন কখনো বিএনপির রাজনীতি করেননি। চারজন আছেন নেতাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানে চাকরি করেন।অনুসন্ধানে জানা গেছে, দিদারের মতো হত্যাসহ নানা অভিযোগে মামলা আছে এমন আরও কয়েকজনকে উত্তর জেলা কমিটিতে জায়গা দেওয়া হয়েছে। আছেন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা। মিরসরাইয়ের নুরুল আমিন জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক। তাঁর বিরুদ্ধে খুন, চুরি, লুটপাটসহ অসংখ্য অভিযোগ আছে।নুরুল আমিন নিজেও স্বীকার করেন, তিনি একটি হত্যাসহ চারটি মামলার আসামি। এরপর তিনি পাল্টা প্রশ্ন তোলেন, ‘বিএনপির বঞ্চিত যেসব নেতা আমার বিরুদ্ধে অভিযোগ এনেছেন, তাঁরা তো ডাকাত। তাঁদের নিয়ে কিছু লিখতে পারেন না?’রাউজানের নোয়াপাড়ার বাসিন্দা নুরুল আলম ওরফে নুরু পুলিশের চোখে সন্ত্রাসী। তাঁকে উত্তর জেলা বিএনপির সদস্য করা হয়েছে। গত বছরের ২৬ নভেম্বর রাউজান থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) ফিরোজ আহমেদ সন্ত্রাসীদের গাড়িচাপায় নিহত হন। ওই ঘটনায় নুরু জড়িত থাকতে পারেন বলে পুলিশ সন্দেহ করছে।রাউজান থানার এসআই মো. মনির হোসেন বলেন, নুরুর বিরুদ্ধে পুলিশকে গাড়িচাপায় হত্যার অভিযোগ আছে। এজাহারে কেউ আসামি ছিল না। তদন্তে এসআই ফিরোজ হত্যার সঙ্গে নুরুর জড়িত থাকার তথ্য আসছে। এ ছাড়া জাতীয় নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাই মামলার আসামি নুরু।নুরু অবশ্য দাবি করেন, ‘পুলিশ হত্যা মামলায় আমাকে আসামি করা হয়। আমি এ মামলায় জামিনে আছি। ব্যালট বাক্স ছিনতাই মামলায় আমি আসামি ছিলাম। সেটা খারিজ হয়ে গেছে।’মিরসরাইয়ের বাসিন্দা মাঈনুদ্দিন ওরফে লিটন নতুন কমিটির সংস্কৃতিবিষয়ক সম্পাদক। ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে তৈরি সন্ত্রাসী তালিকায় তিনি মিরসরাই থানা পুলিশের ১১ নম্বর সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজিসহ তিনটি মামলা আছে বলে পুলিশ জানায়। এ ব্যাপারে জানতে যোগাযোগের চেষ্টা করেও মাঈনুদ্দিনকে পাওয়া যায়নি।নতুন কমিটির সদস্য রবিউল হোসেন গরু চুরি ও অগ্নিসংযোগ মামলার আসামি। গত বছরের রমজান মাসে তাঁকে গরু চুরির মামলায় আসামি করা হয়। রবিউল দাবি করেন, ‘পুলিশ আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গরু চুরির মামলার আসামি করেছে। এ ছাড়া সাবেক সাংসদ জিন্নাহর বাড়িতে অগ্নিসংযোগের মামলায় আসামি করা হয়। বিএনপির ত্যাগী ৩৩ জন নেতা-কর্মীকে ওই ঘটনায় আসামি করা হয়েছে।’সরকারি চাকরিবিধিতে সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের রাজনীতি করা নিষিদ্ধ। অথচ কক্সবাজারের মহেশখালী শাখা সোনালী ব্যাংকের কর্মকর্তা সৈয়দ মঞ্জুরুল হককে নতুন কমিটিতে স্বেচ্ছাসেবক-বিষয়ক সম্পাদক করা হয়। রাউজান সদরের মুন্সিঘাটা এলাকায় তাঁর বাড়ি। একসময় জাতীয় ছাত্রসমাজের নেতা ছিলেন তিনি।সৈয়দ মঞ্জুর বলেন, ‘আমি আগে রাজনীতি করতাম। এখন করি না।’ তাহলে স্বেচ্ছাসেবক-বিষয়ক সম্পাদক কে—এ প্রশ্ন এড়িয়ে তিনি বলেন, ‘আপনাকে (প্রতিবেদক) আমার রাউজানের বাড়িতে দাওয়াত। আপনি কিন্তু আসবেন।’ জাল সনদের অভিযোগে রাউজান নোয়াপাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ হারান হাবিবুল্লাহ মাস্টার। আর এ ব্যক্তিকে নতুন কমিটির শিক্ষাবিষয়ক সম্পাদক করা হয়েছে। অভিযোগ প্রসঙ্গে হাবিবুল্লাহ বলেন, ‘আমার জাল সনদ আছে—এটি হাইকোর্টে প্রমাণিত হয়নি। এসব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়।’বঞ্চিত নেতাদের অভিযোগ, দুবাই প্রবাসী শরাফত উল্লাহকে প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক এবং এস এম ফারুককে সহ-প্রবাসী কল্যাণ সম্পাদক করা হয়। এস এম ফারুক বলেন, ‘দুবাইতে আমার পারিবারিক ব্যবসা আছে। আমি মাঝেমধ্যে দুবাই যাই।’খোঁজ নিয়ে জানা গেছে, উত্তর জেলা বিএনপিতে একই পরিবারের দুজনও জায়গা পেয়েছেন। যেমন, নোয়াপাড়া ইউনিয়নের দুই সহোদর ছালামত আলী ও শরাফত আলী আছেন কমিটিতে। ছালামত নতুন কমিটির অর্থ সম্পাদক। উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জসীমউদ্দিন সিকদার অভিযোগ করেন, ছালামত ও শরাফত হুন্ডি ব্যবসা করেন। তাঁরা কখনো বিএনপি করেননি। হঠাত্ করেই তাঁদের গুরুত্বপূর্ণ দুটি পদ দেওয়া হয়েছে।অভিযোগ সম্পর্কে ছালামত বলেন, ‘আমার ভাই শরাফত দুবাইতে প্রথম শ্রেণীর ব্যবসায়ী। আমাদের হুন্ডি ব্যবসায়ী বানাতে চাইলে ডিজিএফআই দিয়ে তদন্ত করা যেতে পারে।’