চট্টগ্রামে বিএনপির দুই পক্ষে আবার সংঘর্ষ, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে আজ শনিবার বিকেলে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী ও কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবদুল্লাহ আল নোমানের অনুসারীরা দেওয়ানহাট এলাকায় পৃথক মিছিল বের করেন। ওই মিছিল থেকে এক পক্ষ অন্য পক্ষের ওপর হামলা করে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিভাগীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে উভয় পক্ষ আজ নগরে মিছিল বের করে। মহাসমাবেশ সফল করার লক্ষ্যে কাল রোববার বিকেলে নগরের রিমা কমিউনিটি সেন্টারে বিকেল চারটায় বিবদমান নেতাদের নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খোন্দকার মোশাররফ হোসেন সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন বলে জানা গেছে। বেগম জিয়া আগামী সোমবার বিকেলে নগরের লালদীঘি ময়দানে বিভাগীয় মহাসমাবেশে বক্তব্য দেবেন। এতে নোমান, আমীর খসরু ছাড়াও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছিরউদ্দিন উপস্থিত থাকবেন। দলীয় সূত্র জানায়, মহাসমাবেশ সামনে রেখে এক সপ্তাহ ধরে নোমান ও খসরুর সমর্থকেরা আলাদা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। প্রচারণা চালাতে গিয়ে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়েছে। এতে নেতা-কর্মীদের মধ্যে উদ্বেগ-উত্কণ্ঠা বাড়ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বিকেলে নগরের দেওয়ানহাট মোড়ে খসরু ও নোমানের অনুসারী স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খানের নেতৃত্বে পৃথক মিছিল বের করা হয়। নিয়াজ নগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক। নিয়াজ অভিযোগ করেন, ‘হাজার তিনেক কর্মী-সমর্থক নিয়ে আমরা মিছিল বের করি। নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর আমরা ধনিয়ালাপাড়া ওয়ার্ড কার্যালয়ে যাওয়ার সময় পেছনের আরেকটি মিছিল থেকে আমাদের সমর্থকদের ওপর হামলা চালানো হয়। আমাদের সমর্থকেরা তাদের প্রতিরোধ করে।’ তবে খসরুর সমর্থক হিসেবে পরিচিত ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ মহসীন এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘নিয়াজের লোকজন আমাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে আমাদের সমর্থকদের ধাওয়া খেয়ে নিয়াজ পালিয়ে যান।’এর আগে গতকাল শুক্রবার দেওয়ানহাট মোড়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও মঞ্চের পেছনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। নিয়াজের সমর্থকেরা সেখানে আগুন দেন বলে অভিযোগ ওঠে। আলাদা প্রচারণা: খালেদা জিয়ার মহাসমাবেশ সফল করার লক্ষ্যে বিকেলে যখন নগরের অলংকার মোড়ে নোমান সমাবেশ করেন, তখন আরেক প্রান্ত বহদ্দারহাট মোড়ে সমাবেশ করেন আমীর খসরু। আজ বিকেলে দলীয় কার্যালয় নাসিমন ভবনের কাছে আউটার স্টেডিয়ামে ছাত্রদলের মোটরসাইকেল শোভাযাত্রার উদ্বোধন করেন আমীর খসরু। এর আধা ঘণ্টা পর নাসিমন ভবন থেকে যুবদলের আরেকটি মোটর-শোভাযাত্রার উদ্বোধন করেন নোমান। আমীর খসরু চলে যাওয়ার কয়েক মিনিটের মধ্যে নাসিমন ভবনে হাজির হন আবদুল্লাহ আল নোমান। সেখানে তিনি নগর যুবদলের মোটরসাইকেল শোভাযাত্রার উদ্বোধন করেন। এতে নগর যুবদলের নেতারা ছাড়াও নোমানের অনুসারী বিএনপি ও ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন। নোমানের অনুসারী হিসেবে পরিচিত নগর যুবদলের সভাপতি আবুল হাশেম ওরফে বক্কর বলেন, ‘নোমান ভাইয়ের নেতৃত্বে আমরা দিনরাত প্রচারণা চালাচ্ছি। দলীয় কার্যালয় নাসিমন ভবনে বসে আমরা সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে তা বাস্তবায়ন করছি। আমরা হালিশহর, কাট্টলি এলাকায় সমাবেশ করেছি। আর ঘরে বসে খসরু ভাই দলীয় কাজ করছেন। তাঁকে তো নাসিমন ভবনে দেখা যায় না।’ জবাবে আমীর খসরু বলেন, ‘আমি কি বেকার মানুষ যে দলীয় কার্যালয় বসে চা-নাশতা খাব? সংগঠনের প্রয়োজনে আমি নাসিমন ভবনে যাব। পরশু রাতেও আমি সংগঠনের প্রয়োজনে দলীয় নেতাদের সঙ্গে নাসিমন ভবনে সভা করেছি। আর নেত্রীর মহাসমাবেশ সফল করতে আমি নগরের পাড়ায় পাড়ায় সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করছি।’