চট্টগ্রামে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, আহত ৫
চট্টগ্রামে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের দুই পক্ষের সংঘর্ষের কারণে স্বৈরাচার পতন দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশ ভণ্ডুল হয়ে গেছে। গত মঙ্গলবার দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বরে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনের উপস্থিতিতে এই সংঘর্ষ হয়। এতে পাঁচ নেতা-কর্মী আহত হন। তাঁরা হলেন: নগর ছাত্রদলের সহসভাপতি মনজুরুল আলম ও সদস্য হাবিবুর রহমান, ছাত্রদলের কর্মী মাহাবুবুল আলম, যুবদলের কর্মী দিদার ফেরদৌস ও মোহাম্মদ নয়ন। তাঁরা বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। দলীয় সূত্র জানায়, নগর যুবদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপিতে বিভক্তির জের ধরে আমীর খসরু ও শাহাদাৎ হোসেনের অনুসারীদের মধ্যে মঙ্গলবার সংঘর্ষ হয়।উদ্ভূত পরিস্থিতি নিয়ে গতকাল বুধবার বিকেলে আমীর খসরুর মেহেদীবাগের বাসায় নগরের ১১টি থানার বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকেরা বৈঠক করেন। বৈঠকে মঙ্গলবারের ঘটনার জন্য শাহাদাৎ হোসেন ও মোশাররফ হোসেনকে দায়ী করা হয়। এই অবস্থায় চট্টগ্রাম অভিমুখে চারদলীয় জোটের রোডমার্চের আগে চট্টগ্রাম নগর বিএনপি কোনো কর্মসূচি পালন না করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন আমীর খসরু।প্রত্যক্ষদর্শীরা জানায়, স্বৈরাচার পতন দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে যোগ দিতে মঙ্গলবার বিকেলে যুবদলের নতুন কমিটির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মিছিল নিয়ে নাসিমন ভবন চত্বরে আসেন। তিনি শাহাদাৎ হোসেনের অনুসারী হিসেবে পরিচিত। এ সময় অন্য একটি পক্ষ আমীর খসরুর নামে স্লোগান দিচ্ছিল। মোশাররফ তাঁদের ব্যক্তির নামে স্লোগান না দেওয়ার অনুরোধ করলে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায় এবং সমাবেশ ভণ্ডুল হয়ে যায়। পরে আমীর খসরু একটি মিছিল নিয়ে কাজীর দেউরীর দিকে যান। তিনি সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন। শাহাদাৎ তাঁর অনুসারীদের নিয়ে নাসিমন ভবন চত্বরে অবস্থান করেন। শাহাদাৎ হোসেন প্রথম আলোকে বলেন, ‘স্বৈরাচার পতন দিবস উপলক্ষে বিএনপির সমাবেশে যুবদল কিংবা ছাত্রদলের কোনো ভূমিকা থাকবে না বলে খসরু ভাইয়ের সঙ্গে বৈঠক করে আমরা সিদ্ধান্ত নিই। মঙ্গলবার বিকেলে মোশাররফের নেতৃত্বে মিছিল এলে খসরু ভাই বলেন, “ওদের মেরে বের করে দে।” এরপরই সংঘর্ষ বেধে যায়। খসরু ভাইয়ের এই আচরণে আমি হতাশ। তিনি নগর বিএনপির অভিভাবক। তিনি নিজেই বিভক্তি সৃষ্টির রাজনীতি করছেন।’ অভিযোগ প্রসঙ্গে আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘যুবদলের কমিটি নিয়ে কর্মীদের মধ্যে ভুল-বোঝাবুঝি হয়েছে। এটা হতেই পারে। আমরা দুই পক্ষকে সমঝোতায় আনার চেষ্টা করছি।’গত ১৯ নভেম্বর কাজী বেলালকে সভাপতি ও মোশাররফ হোসেনকে সাধারণ সম্পাদক করে যুবদলের চট্টগ্রাম মহানগর কমিটি ঘোষণা করা হয়। তাঁদের মধ্যে বেলালকে আমীর খসরু, মোশাররফকে শাহাদাৎ হোসেন আর আগের কমিটিকে আবদুল্লাহ আল নোমান সমর্থন দিচ্ছেন বলে দলীয় সূত্রগুলো জানিয়েছে। ফলে যুবদলের কমিটিকে কেন্দ্র করে চট্টগ্রাম বিএনপিতে ত্রিমুখী দ্বন্দ্ব দেখা দেয়। পরে খসরু দাবি করেন, যুবদলের নতুন কমিটি স্থগিত হয়েছে। আর খসরুর এই বক্তব্য সঠিক নয় বলে দাবি করেন শাহাদাৎ।