চট্টগ্রামে বিএনপির নেতৃত্বে ১০ দলীয় জোট, মঞ্জুরকে সমর্থন
সিটি করপোরেশনের নির্বাচন সামনে রেখে চট্টগ্রামে বিএনপির নেতৃত্বে ১০ দলীয় জোটের আত্মপ্রকাশ ঘটেছে। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী এই জোট গঠনের ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে বলা হয়, এই জোট নির্বাচনে বিএনপি-সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের মেয়র পদপ্রার্থী এম মঞ্জুর আলমের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর মহানগর আমির ও সাংসদ মাওলানা শামসুল ইসলাম, সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী, মহানগর বিএনপির সহসভাপতি দস্তগীর চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) জাহাঙ্গীর আলমসহ ১০ দলীয় জোটের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। জোটের অন্য দলগুলো হলো ইসলামী ঐক্যজোট, জাতীয় পার্টি (মতিন), খেলাফত মজলিশ, নেজামে ইসলামী পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি, জাগপা ও মুসলিম লীগ। জানা গেছে, সকালে চন্দনপুরায় জামায়াতের নগর কার্যালয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে ১০ দলীয় জোটের স্থানীয় নেতারা জোটবদ্ধভাবে নির্বাচন করার লক্ষ্যে বৈঠক করেন। বৈঠকে জামায়াত-সমর্থিত মেয়র প্রার্থী আফসারউদ্দিন চৌধুরীর প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। পরে প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে আমীর খসরু বলেন, চট্টগ্রামের সাধারণ মানুষ ক্রমান্বয়ে সিটি নির্বাচন নিয়ে আগ্রহী হয়ে উঠছে। নগরবাসী পরিবর্তনের আকাঙ্ক্ষায় আছে। যদিও নির্বাচন কমিশনের ভূমিকা বিতর্কিত। বিএনপি ও জোটের শরিক দলগুলো গণতন্ত্রে বিশ্বাসী। গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আমাদের সমর্থিত প্রার্থী বিতর্কিত নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে অংশ নিচ্ছেন। সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর সমালোচনা করে খসরু বলেন, অপরিকল্পিতভাবে নগরায়নের কারণে নষ্ট হয়ে গেছে বন্দরনগর। তাই পরিবর্তনের আওয়াজ উঠেছে। পরিবর্তনের জন্য ১০ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে একজন প্রার্থীর পক্ষে কাজ শুরু করেছে। জামায়াতের নগর আমির বলেন, ঐক্যবদ্ধ নির্বাচন করার অংশ হিসেবে জামায়াতে ইসলামী-সমর্থিত প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। ১০ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারলে মঞ্জুর আলমের জয় সুনিশ্চিত হবে।১০ দলীয় জোট গঠন প্রসঙ্গে আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘জোটবদ্ধভাবে চট্টগ্রাম সিটি নির্বাচন করা ও একক প্রার্থী নির্ধারণের জন্য এক সপ্তাহ আগে থেকে আমরা প্রক্রিয়া শুরু করি, যার সফল পরিণতি ঘটেছে চট্টগ্রাম প্রেসক্লাবের সংবাদ সম্মেলন থেকে। আমরা আশা করছি, মঞ্জুর আলমের অবস্থান আরও শক্তিশালী হয়েছে।’এদিকে ১০ দলীয় জোটের সংবাদ সম্মেলনের আগে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন সাবেক ছাত্রনেতাদের ফোরাম নামে ছাত্রদলের সাবেক নেতাদের একটি সংগঠন। সংবাদ সম্মেলনে মঞ্জুরকে সমর্থন দেওয়ার ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে নগর ছাত্রদলের সাবেক সভাপতি নাজিমুর রহমান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীসহ কয়েকজন সাবেক ছাত্রনেতা উপস্থিত ছিলেন। তবে মোহাম্মদ আলী ১০ দলীয় জোট গঠনের সমালোচনা করেন। গণসংযোগ: এদিকে মঞ্জুর আলম গতকাল পতেঙ্গা থানাধীন ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন। ওই দুই ওয়ার্ডের লোকজন পানি সংকট, স্বাস্থ্যসেবা ও শিক্ষাপ্রতিষ্ঠানের অপ্রতুলতার কথা জানালে মঞ্জুর বলেন, গত ১৭ বছর পতেঙ্গায় উন্নয়নের ছোঁয়া লাগেনি। এর আগে প্রতিশ্রুতি ও উন্নয়নের দোহাই দিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে। তিনি নির্বাচিত হলে তাদের সমস্যার সমাধানে সচেষ্ট থাকবেন। গণসংযোগের সময় তাঁর সঙ্গে পতেঙ্গা থানা বিএনপির সভাপতি মোহাম্মদ মিয়া, সাধারণ সম্পাদক বদরুল আলম এবং ওয়ার্ড বিএনপির নেতা-কর্মীরা ছিলেন।