চট্টগ্রামে বিএনপির মতবিনিময়ে যাননি নোমান অনুসারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লালদীঘি মাঠে বেগম খালেদা জিয়ার মহাসমাবেশে বিএনপির দুই নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী ও আবদুল্লাহ আল নোমানকে এক মঞ্চে দেখা গিয়েছিল। সমাবেশও হয়েছিল শান্তিপূর্ণভাবে। অনেকে ধারণা করেছিলেন, এ দুই নেতার মধ্যে বোধহয় দূরত্ব কমে এসেছে। কিন্তু মহাসমাবেশের এক দিন পর গতকাল মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে দেখা যায়নি আবদুল্লাহ আল নোমানকে। সন্ধ্যায় তিনি দলীয় কার্যালয় নাসিমন ভবনে তাঁর অনুসারীদের মধ্যে মিষ্টি বিতরণ করেন।এর আগে মহাসমাবেশ সফল করার জন্য বিবদমান দুই নেতা বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ও চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী আলাদাভাবে গণসংযোগ করেন। তবে মহাসমাবেশে দুজনকে পাশাপাশি মঞ্চে দেখা গিয়েছিল।দলীয় সূত্র জানায়, মহাসমাবেশের পর বেগম জিয়া চট্টগ্রাম সার্কিট হাউসে দলীয় নেতাদের সঙ্গে কথা বলেন। মহাসমাবেশে বিপুলসংখ্যক লোকের সমাগম এবং কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটায় তিনি সন্তোষ প্রকাশ করেন।গতকাল দুপুরে চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির নেতারা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় নগর বিএনপির সভাপতি আমীর খসরু, দক্ষিণ জেলার সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, নগর, উত্তর ও দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক যথাক্রমে শাহাদাত্ হোসেন, আসলাম চৌধুরী ও শেখ মহিউদ্দিন উপস্থিত ছিলেন। তাঁরা দাবি করেন, সোমবারের মহাসমাবেশে বিপুল জনসমাগমের উপস্থিতি প্রমাণ করেছে, জনগণ সরকারের বিরুদ্ধে অনাস্থা দিয়েছে।আমীর খসরু প্রথম আলোকে বলেন, বিএনপি গণতান্ত্রিক দল হিসেবে দেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটি গুণগত পরির্বতন আনতে চায়। আর এ কারণে বিএনপি তড়িঘড়ি কোনো আন্দোলনে নামার পক্ষে নয়। সরকারের ব্যর্থতায় গত ১৫ মাসে দেশে অনেক সমস্যার পরও বিএনপি হরতাল বা বড় ধরনের কর্মসূচি দেয়নি। অথচ চারদলীয় জোট ক্ষমতায় আসার পর প্রথম ১৫ মাসে কোনো কারণ ছাড়া আওয়ামী লীগ আট দিন হরতাল করেছিল।এক প্রশ্নের জবাবে খসরু বলেন, ‘আমাদের নেত্রী সরকারকে আরও সময় দিতে চান। আমরা ধ্বংসাত্মক রাজনীতিতে বিশ্বাসী নই। সরকার তার নির্বাচনী অঙ্গীকার পূরণ করলে আমরা সহযোগিতা করব।’দলীয় নেতারা জানান, চট্টগ্রামে বিএনপির রাজনীতি বিভাজনের। এ কারণে বছরের পর বছর কর্মী ও সমর্থকেরাও বিভক্ত। বর্তমানে নোমান ও আমীর খসরুর মধ্যে বিরোধ আছে। তবে এ বিরোধ সোমবার লালদীঘি মাঠ পর্যন্ত গড়ায়নি। গত ১৬ নভেম্বর নগর বিএনপির সম্মেলন নিয়ে নোমান ও খসরুর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে পণ্ড হয়ে যায় সম্মেলন।দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে উপস্থিত না থাকলেও নোমান সন্ধ্যায় দলীয় কার্যালয় নাসিমন ভবনে গিয়ে নেতা-কর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করেন। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে নোমান বলেন, ‘সবার সহযোগিতা ও পরিশ্রমে আমরা লালদীঘি মাঠে লাখো মানুষের সমাবেশ ঘটাতে পেরেছি। এর কৃতিত্ব দলের নেতা-কর্মী ও চট্টগ্রামবাসীর।’নোমানের অনুসারী হিসেবে পরিচিত নগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এম এ সবুর প্রথম আলোকে বলেন, নোমানের গণসংযোগের কারণে বেগম জিয়ার মহাসমাবেশে লাখো মানুষের সমাবেশ ঘটেছে। এ জন্য তিনি নেতা-কর্মীদের অভিনন্দন জানাতে দলীয় কার্যালয় নাসিমন ভবনে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশের পর তিনি এক মণ মিষ্টি বিতরণ করেন।এক প্রশ্নের জবাবে সবুর বলেন, ‘নগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির নেতারা নগরের একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেও আমাদের আমন্ত্রণ জানানো হয়নি। তাই আমরা নাসিমন ভবনে সংক্ষিপ্ত আনন্দ সমাবেশ করেছি।’