চট্টগ্রামে বিএনপির ২৯ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
গাড়ি পোড়ানোর ঘটনায় করা দ্রুত বিচার আইনের মামলায় চট্টগ্রাম বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনসহ ২৯ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। কোতোয়ালি থানার পুলিশের দাখিল করা অভিযোগপত্রের ওপর শুনানির পর চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. আবদুর রহমান গতকাল মঙ্গলবার এ আদেশ দেন। আদালত কোতোয়ালি ও খুলশি থানার আরও মামলার কয়েকজন আসামির জামিন শুনানির পর নামঞ্জুরের আদেশ দেন। তাঁদের মধ্যে জামায়াতে ইসলামীর নগর কমিটির আমির ও সাংসদ শামসুল ইসলাম রয়েছেন। আদালত সূত্র জানায়, গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ৩০ নেতার বিরুদ্ধে দাখিল করা অভিযোগপত্র শুনানির পর আদালত তা গ্রহণ করেছেন। এই মামলায় উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আসলাম চৌধুরীর জামিনের মেয়াদ ১৩ জুন পর্যন্ত বাড়ানোর আদেশ দেন আদালত। হাইকোর্ট থেকে তিনি জামিন পেয়েছিলেন। তবে অসুস্থতাজনিত কারণে গতকাল তিনি আদালতে হাজির হতে পারেননি। কৌঁসুলির মাধ্যমে তিনি জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেন। আদালত সূত্র জানায়, গতকাল শাহাদাৎ হোসেন ছাড়াও রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু আহমেদ হাসনাত, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা এম এ হাশেম, যুবদলের কেন্দ্রীয় নেতা আবুল হাশেম, সালাউদ্দিন কাদের চৌধুরীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জসিমউদ্দিন ওরফে সিএনজি জসিম, খুলশি এলাকার বিএনপি নেতা শাহ আলমসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। প্রসঙ্গত, গত ১৩ মে নগরে পুলিশের সঙ্গে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এতে ৩০ পুলিশসহ শতাধিক ব্যক্তি আহত হন। এ সময় তিনটি প্রাইভেটকারে আগুন লাগিয়ে দেওয়া হয়। ভাঙচুর করা হয় শতাধিক গাড়ি। এ ঘটনায় দ্রুত বিচার আইনে তিনটিসহ ছয়টি মামলা হয়। নগরের কোতোয়ালি ও খুলশি থানায় মামলাগুলো হয়। এতে আসামির সংখ্যা প্রায় আড়াই হাজার। কোতোয়ালি থানায় করা একটি মামলার অভিযোগপত্র আদালত গত সপ্তাহে গ্রহণ করেন। ওই মামলায় জামায়াতের সাংসদ শামসুল ইসলামের জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানো হয়। এই মামলায় মোট আসামির সংখ্যা ২৩ জন, যাঁদের মধ্যে সবাই জামায়াতের নেতা-কর্মী।