চট্টগ্রামে গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর এবং পুলিশের ওপর হামলার মামলায় বিএনপির ৬৫ নেতা-কর্মী অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন। গতকাল সোমবার চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. আবদুর রহমান তাঁদের জামিন মঞ্জুর করেন। এর আগে এই ৬৫ নেতা-কর্মী গতকাল আদালতে আত্মসমর্পণ করেন। গতকাল ৬৫ নেতা-কর্মীর জামিন মঞ্জুর করার পর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম (এসিএমএম) মো. আবদুর রহমানের কাছ থেকে দ্রুত বিচার অধ্যাদেশ আইনের বিচারিক ক্ষমতা প্রত্যাহার করা হয়েছে। গতকাল জামিন পাওয়া উল্লেখযোগ্য নেতারা হলেন বিএনপির কেন্দ্রীয় সদস্য মাহবুবুর রহমান, চট্টগ্রাম নগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, নগর যুবদলের সভাপতি কাজী বেলাল, বিএনপির বহিষ্কৃত নেতা এরশাদ উল্লাহ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের তিন কাউন্সিলর। আসামিদের কৌঁসুলি কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, অন্তর্বর্তীকালীন জামিন পাওয়া নেতা-কর্মীরা হাইকোর্টের জামিনে ছিলেন। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী তাঁরা মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। প্রসঙ্গত, গত ১৩ মে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের কর্মসূচি পালন নিয়ে পুলিশের সঙ্গে দলীয় নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। ওই দিন তিনটি প্রাইভেট কার পোড়ানো হয়। ভাঙচুর করা হয় আরও শতাধিক গাড়ি। এতে ৩০ পুলিশ সদস্য আহত হন। গত ১৩ মের ঘটনায় বিএনপি-জামায়াতের আড়াই হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে নগরের কোতোয়ালি ও খুলশী থানায় পৃথক ছয়টি মামলা হয়। এর মধ্যে তিনটি দ্রুত বিচার আইনে করা মামলা। দ্রুত বিচার আইনের তিনটি মামলায় গত ২৩ মে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। বাকি তিনটি মামলার তদন্ত এখনো শেষ হয়নি। এদিকে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. আবদুর রহমানের কাছ থেকে গতকাল সোমবার দুপুরে দ্রুত বিচার অধ্যাদেশ আইনের বিচারিক ক্ষমতা প্রত্যাহার করা হয়েছে বলে আইনজীবীরা অভিযোগ করেছেন। এই ক্ষমতা কনিষ্ঠ হাকিমকে দেওয়া হয়েছে। সাবেক দুই পিপি আবদুস সাত্তার ও কামরুল ইসলাম এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, মুখ্য মহানগর হাকিম নিজেই এই ক্ষমতা নিয়ে নিলে সাধারণ বিচারপ্রার্থীরা উপকৃত হতেন। কিন্তু কনিষ্ঠ একজন বিচারককে এই ক্ষমতা দিয়ে সরকারের আইন মন্ত্রণালয় বিতর্কের সৃষ্টি করেছে। এটা বিচার বিভাগের ওপর সরকারের হস্তক্ষেপ ছাড়া আর কিছু নয়। আদালতের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মাত্রাতিরিক্ত কাজের চাপের কারণে দ্রুত বিচার অধ্যাদেশ আইনের বিচারিক ক্ষমতা প্রত্যাহারের জন্য মৌখিকভাবে তাঁর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানান। সেই পরিপ্রেক্ষিতে তাঁর কাছ থেকে এই ক্ষমতা নিয়ে মহানগর হাকিম আলী মনসুরকে দেওয়া হয়।