চট্টগ্রামে বিজ্ঞান উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থীদের জানার বিপুল আগ্রহ এবং প্রতিযোগিতার মাধ্যমে শেষ হলো দৃষ্টি চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত ‘ডেইলি স্টার-ব্যাংক এশিয়া বিজ্ঞান উৎসব’। দুই দিনের উৎসবে ছিল বায়ো-অলিম্পিয়াড, জেনেটিক ইঞ্জিনিয়ারিংবিষয়ক কর্মশালা, আন্তস্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী, উইকিপিডিয়ার জন্য ছবি ও বিজ্ঞানবিষয়ক উপস্থিত বক্তব্য। উৎসবের প্রথম দিন জেনেটিক ইঞ্জিনিয়ারিংবিষয়ক কর্মশালার উদ্বোধন করেন ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাহবুবুল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন অধ্যক্ষ সাফিয়া গাজী রাহমান, দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুল প্রমুখ। কর্মশালা পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুশতাক ইবনে আয়ুব এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দৈপায়ন শিকদার ও আদনান মান্নান। কর্মশালায় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় সাড়ে ৫০০ শিক্ষার্থী অংশ নেন। উৎসবের দ্বিতীয় দিন ছিল বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী, বায়ো-অলিম্পিয়াড, উইকিপিডিয়ার জন্য ছবি ও বিজ্ঞানবিষয়ক উপস্থিত বক্তব্য। উৎসবের বিভিন্ন বিভাগে ৫৬টি প্রতিষ্ঠানের প্রায় এক হাজার ৭৫০ জন প্রতিযোগী অংশ নিয়েছেন। সমাপনী অনুষ্ঠানে পাটের জিন-নকশা আবিষ্কারক দলের অন্যতম বিজ্ঞানী হাসিনা খান ও দীর্ঘদিন বিজ্ঞানচর্চায় অবদান রাখার জন্য চট্টগ্রাম বিজ্ঞান পরিষদকে দৃষ্টি বিজ্ঞান পদক দেওয়া হয়। এ ছাড়া সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।শিক্ষার্থীদের উৎসাহ জোগাতে উৎসবের দ্বিতীয় দিনে যোগ দেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমিন, ব্যাংক এশিয়ার কর্মকর্তা রোসাংগীর বাচ্চু, ডেইলি স্টার-এর চট্টগ্রাম ব্যুরো প্রধান রাইসুল হক বাহার, চুয়েটর অধ্যাপক সজল চন্দ্র বণিক, ইউএসটিসির অধ্যাপক আরিফুজ্জামান প্রমুখ।উৎসবে বিজ্ঞান প্রকল্প প্রদর্শনীতে স্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও চট্টগ্রাম পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং রানার্সআপ হয়েছে চট্টগ্রাম পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন হয় চট্টগ্রাম পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং রানার্সআপ হয় চট্টগ্রাম বিজ্ঞান কলেজ।জুনায়েদ আহমেদ চৌধুরি