চট্টগ্রামে বিজয় দিবস উদযাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবি নিয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রামে উদযাপিত হচ্ছে বিজয়ের ৪০ বছর। প্রথম প্রহরে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। রাতে ও সকালে শহীদ মিনার প্রাঙ্গণে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের ঢল নামে।রাত ১২টা এক মিনিটে শহীদ মিনারে পুষ্পমাল্য দিয়ে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম মনজুর আলম। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ওয়ার্ড কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা। এরপর শ্রদ্ধা জানান চট্টগ্রাম-৮ আসনের সাংসদ ও আওয়ামী লীগের নেতা নুরুল ইসলাম, চট্টগ্রাম-১০ আসনের সাংসদ এম এ লতিফ, চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার সিরাজুল হক খান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবুল কাশেম, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, চট্টগ্রাম জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনিক কর্মকর্তারা।বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীসহ সাধারণ মানুষের পদভারে মুখরিত হয়ে ওঠে চট্টগ্রাম শহীদ মিনার ও এর আশপাশের এলাকা।এরপর শহীদ মিনারে শ্রদ্ধা জানায় সাধারণ সম্পাদক কাজী ইনামুল হকের নেতৃত্বে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন, সভাপতি আমীর খসরু ও সাধারণ সম্পাদক শাহাদাতের নেতৃত্বে চট্টগ্রাম নগর বিএনপি ও এর সহযোগী সংগঠন, জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগর কমিটি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, ন্যাপ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), আইনজীবী সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।সকালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট, যুবলীগ, যুব ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, উদীচী শিল্পীগোষ্ঠী, সমাজ সমীক্ষা সংঘ, বোধন আবৃত্তি পরিষদ, প্রমা আবৃত্তি সংগঠন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ মুক্তিযোদ্ধারা চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান।চট্টগ্রাম জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা এবং শিক্ষার্থীদের কুচকাওয়াজের আয়োজন করা হয়।এ ছাড়া চট্টগ্রামের আউটার স্টেডিয়াম ও লালদীঘি মাঠে চলছে মুক্তিযুদ্ধের বিজয় মেলা। নগরের ডিসি হিলে চলছে মুক্তিযুদ্ধের বইমেলা।