চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন ২০১০ প্রার্থীদের সঙ্গে মতবিনিময়কালে সিইসি
চট্টগ্রামে বিতর্কহীন নির্বাচন করতে চায় কমিশন
নির্বাচন কমিশন আগামী ১৭ জুন চট্টগ্রামে বিতর্কহীন ও দৃষ্টান্তমূলক একটি নির্বাচন করতে চায়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেছেন। সিইসি বলেন, ‘আমাদের কোনো এজেন্ডা নেই। প্রার্থীরা চাইলে নির্বাচন অবশ্যই সুন্দর হবে। প্রার্থীদের হস্তক্ষেপের কারণেই নির্বাচন অসুন্দর হয়।’ গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম নগরের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে এ মতবিনিময় সভা শুরু হয়। মতবিনিময় সভায় মেয়র, ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর পদের প্রার্থীরা উপস্থিত ছিলেন। মিলনায়তনে ঢোকার আগে মেয়র পদের প্রধান দুই প্রার্থী আওয়ামী লীগ-সমর্থিত নাগরিক কমিটির এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও বিএনপি-সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের মোহাম্মদ মঞ্জুর আলম পরস্পর কোলাকুলি করেন।মতবিনিময়কালে সিইসি নির্বাচন উপলক্ষে নেওয়া নিরাপত্তাব্যবস্থা, পর্যবেক্ষক, পোলিং এজেন্ট, আচরণবিধিসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। তিনি প্রার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাবও দেন। তিনি জানান, নির্বাচনের দিন মুঠোফোন চালু থাকবে। সিইসি বলেন, ‘১৪ জুনের পর বহিরাগতদের (যাঁরা চট্টগ্রামের বাসিন্দা নন) চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় থাকতে দেওয়া হবে না। বহিরাগত আমদানি করা হলে গোলমাল হয়। তাঁরা ঝামেলা করে এক দিন পর চলে যান। এ জন্য বহিরাগতদের প্রতিরোধ করতে চাই।’ তিনি বলেন, ‘চট্টগ্রাম ঐতিহাসিক অনেক ঘটনার জন্ম দিয়েছে। আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনও বিতর্কমুক্ত ও দৃষ্টান্তমূলক করতে আমরা সচেষ্ট।’শামসুল হুদা বলেন, ‘নির্বাচনের দিন কমিশনের নিজস্ব প্রথম শ্রেণীর ৪১ জন কর্মকর্তা নির্বাচন পর্যবেক্ষণ করবেন। তাঁরা সরকারের কারও চাপে চলবেন না। তাঁদের পর্যবেক্ষণমূলক রিপোর্টের ভিত্তিতে আমরা ভোলার উপনির্বাচনে নয়টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করেছিলাম।’ কাউন্সিলর পদপ্রার্থী ও দলীয় ব্যক্তির ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করা প্রসঙ্গে মঞ্জুর আলমের প্রধান নির্বাচনী এজেন্ট মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘এ নিয়ে অনেক কথা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আইন অনুযায়ী সাবেক মেয়র প্যানেল মেয়রের কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন।’ আমীর খসরুর প্রশ্নের সময় মহিউদ্দিন চৌধুরীর প্রধান নির্বাচনী এজেন্ট ইসহাক মিয়া আপত্তি তোলেন। এ সময় আমীর খসরু বলেন, ‘সিইসির অনুমতিক্রমে আমি বক্তব্য দিচ্ছি। আপনারা গণতন্ত্রের বিকাশের কথা বলে আবার গণতন্ত্রকে বাধাগ্রস্ত করবেন, তা হয় না।’পোলিং এজেন্টদের তালিকা ২৪ ঘণ্টা আগে পরিচয়পত্র ও ছবিসহ দেওয়ার নির্দেশ দিয়ে সিইসি বলেন, ‘এজেন্টদের মধ্যে কোনো সন্ত্রাসী আছে কি না, তা আমাদের যাচাই-বাছাই করতে হবে। তাই তালিকা আগে দিতে হবে।’ তিনি বলেন, পোলিং এজেন্ট যদি তাঁর দায়িত্ব সঠিকভাবে পালন করেন, তাহলে নির্বাচন সুষ্ঠু হতে বাধা নেই। এজেন্টরা কক্ষ থেকে বের হতে পারবেন না। কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা ছাড়া অন্য কেউ মুঠোফোন ব্যবহার করতে পারবেন না।শামসুল হুদা বলেন, প্রধান দুই দলই পর্যবেক্ষক নিয়োগের বিপক্ষে। তাদের অভিযোগ, পর্যবেক্ষকেরা রাজনৈতিক দলের হয়ে কাজ করেন। কিন্তু পর্যবেক্ষকদের বড় সমর্থক বিভিন্ন বিদেশি দূতাবাস। তাঁদের কোনোভাবে আমরা বোঝাতে পারি না, রাজনৈতিক দলগুলো পর্যবেক্ষক চায় না। তাই এবার পর্যবেক্ষক থাকলেও তাঁরা কক্ষে বসতে পারবেন না। শুধু ঘুরে দেখতে পারবেন। সিইসি বলেন, পরীক্ষামূলকভাবে জামালখান ওয়ার্ডে ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোট নেওয়া হবে। যদি কোনো সমস্যা হয়, তবে সনাতন ব্যবস্থায় ভোট নেওয়া হবে। জাতীয় নির্বাচনে এই পদ্ধতিতে ভোট গ্রহণ করা গেলে শত কোটি টাকা সাশ্রয় হবে। মতবিনিময়কালে মঞ্চে এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জেসমিন টুলী, চট্টগ্রামের জেলা প্রশাসক ফয়েজ আহমদ, পুলিশের ডিআইজি আসাদুজ্জামান মিয়া, মহানগর পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান, পুলিশ সুপার জেড এম মোরশেদ প্রমুখ উপস্থিত ছিলেন।