চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের অক্সিজেন মোড়ের কাছে বালুছড়া এলাকায় আজ শনিবার সন্ধ্যায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন। জনৈক বিভূতিভূষণের বাড়িতে রাত নয়টার দিকে বিদ্যুৎস্পৃষ্টের এ ঘটনা ঘটে।জানা গেছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত তিনজন হলেন মিঠুন মহাজন (২৫), তাঁর ভাই ছোটন মহাজন (১৮) ও মিঠু (৩২)। বাবুল (২৫), রফিকুলসহ (২৪) গুরুতর আহত চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।পুলিশ জানায়, আজ সন্ধ্যায় বৃষ্টির সময় ওই বাড়ির বিদ্যুতের তার ছিঁড়ে ঘরের চালে পড়ে। পরে পুরো ঘর বিদ্যুতায়িত হলে ঘরের সাতজন বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তিনজনকে মৃত ঘোষণা করেন।