চট্টগ্রামে বিভিন্ন রুটে ন্যূনতম ভাড়া ৫ টাকা
চট্টগ্রাম মহানগরে বিভিন্ন রুটে ন্যূনতম ভাড়া পাঁচ টাকা করা হয়েছে। আগে এ ভাড়া ছিল তিন টাকা। ন্যূনতম এ ভাড়া প্রথম তিন কিলোমিটারের জন্য প্রযোজ্য, যা আজ বৃহস্পতিবার থেকে কার্যকর বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব আবুল কালাম আজাদ। আজ নগরের প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, প্রথম তিন কিলোমিটারের পরবর্তী প্রতি কিলোমিটারের ভাড়া এক টাকা ৪৫ পয়সা। মহাসচিব লিখিত বক্তব্যে আরও বলেন, ‘আমরা ভাড়া বাড়াইনি। সরকারি গেজেটে যে ভাড়া নির্ধারণ করা হয়েছে, আমরা তা-ই নিচ্ছি। এর বেশি নেব না।’ জ্বালানি তেল ও সংকুচিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দাম বাড়ার যথাক্রমে ১১ ও পাঁচ দিন পর সরকার বাস ও অটোরিকশার ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেয়।১৬ মে সোমবার যোগাযোগ মন্ত্রণালয়ে এক বৈঠকে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে আজ বৃহস্পতিবার থেকে নতুন ভাড়া কার্যকর হবে বলে গতকাল বুধবার এ-সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে চলাচলকারী প্রতি কিলোমিটারে বড় বাসের ভাড়া এক টাকা ৫৫ পয়সা এবং মিনিবাসের ভাড়া এক টাকা ৪৫ পয়সা করা হয়েছে। এ ছাড়া বড় বাসে সর্বনিম্ন ভাড়া সাত টাকা। এত দিন মিনিবাসে (অধিকাংশ লোকাল) সর্বনিম্ন ভাড়া ছিল না। কিন্তু গতকালের প্রজ্ঞাপনে মিনিবাসে পাঁচ টাকা সর্বনিম্ন ভাড়া করা হয়েছে।