চট্টগ্রামে বিমান কার্যালয় ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-জেদ্দা-চট্টগ্রাম সরাসরি হজ ফ্লাইট চালু করার দাবিতে আজ বুধবার সকালে নগরের নাসিরাবাদ বিমান কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে অ্যাটাব (অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ) ও হাব (হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) চট্টগ্রাম জোন।দুই সংগঠনের নেতারা এ সময় ছয় দফা দাবি তুলে ধরেন। এসব দাবির মধ্যে রয়েছে: অনতিবিলম্বে চট্টগ্রাম-জেদ্দা-চট্টগ্রাম হজ ফ্লাইট চালু করা, হজযাত্রীদের সুবিধার্থে ঢাকা-জেদ্দাগামী ডিসি-১০ ফ্লাইট চট্টগ্রাম হয়ে যাতায়াত, ঢাকা থেকে জেদ্দাগামী চট্টগ্রামের হজযাত্রীদের জন্য চট্টগ্রাম থেকে ফ্লাইটের ব্যবস্থা, ৩৫ দিনের মধ্যে হাজিদের ফেরত আসার শিডিউল প্রদান, বিদেশি এয়ারলাইনসগুলোকে (থার্ড ক্যারিয়ার) হজযাত্রী পরিবহনের জন্য উন্মুক্ত করা।অন্যথায় চট্টগ্রামের ১০ হাজার হজযাত্রীর দায়দায়িত্ব বাংলাদেশ বিমানকে নিতে হবে বলে হুমকি দেয় সংগঠন দুটি। ঘেরাও কর্মসূচিতে সংহতি জানাতে এসে চট্টগ্রামের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘১০ হাজার হজযাত্রী যাতে চট্টগ্রাম থেকে সরাসরি জেদ্দা গিয়ে হজ পালন করতে পারেন, এ জন্য বাংলাদেশ বিমান কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ ব্যাপারে হাজিদের সহযোগিতা করবেন বলে আমাদের বিশ্বাস। আগামী দু-চার দিনের মধ্যে আমরা এর সুফল পাব আশা করছি।’এরপর সংগঠন দুটির নেতারা ঘেরাও কর্মসূচি স্থগিত করেন। শিগগিরই দাবি পূরণ না হলে পরবর্তী কর্মসূচির ঘোষণা দেবেন বলে জানান তাঁরা। গত বৃহস্পতিবার থেকে বিমানের চট্টগ্রাম-জেদ্দা-চট্টগ্রাম ফ্লাইট বন্ধ রয়েছে।বিমানের চট্টগ্রাম জেলা ব্যবস্থাপক দিলীপ কুমার চৌধুরী প্রথম আলো ডটকমকে বলেন, ‘এটা কেন্দ্রীয় সিদ্ধান্ত। এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে পারি না। আমি দাবিদাওয়ার বিষয়গুলো বিমানের ব্যবস্থাপনা পরিচালককে জানিয়েছি।’ ঘেরাও কর্মসূচি পালনকালে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন অ্যাটাব চট্টগ্রাম জোনের সভাপতি এস এম আলম। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন হাব চট্টগ্রাম জোনের সভপতি এস এম মোবিনুল হক, অ্যাটাবের সাবেক সভাপতি এমদাদ উল্লাহ, আবুল কাসেম, সদস্য আবু তাহের, আবদুল মান্নান চৌধুরী প্রমুখ। সংহতি জানিয়ে বক্তব্য দেন সিটি করপোরেশনের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, মেয়র হজ কাফেলার পরিচালক খোরশেদ আলম, বাঁশখালী উপজেলা চেয়ারম্যান আলমগীর কবির, মমতাজ-উল আনসারী, সিব্বির আহমেদ ওসমানী প্রমুখ।