চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের এক ছাত্রের লাশ পুলিশ আজ সোমবার সকালে উদ্ধার করেছে। তাঁর নাম মোহাম্মদ কফিল উদ্দিন ওরফে ছোটন।পুলিশ জানায়, আজ সকাল ১০টার দিকে চট্টগ্রাম জমিয়াতুল ফালা জাতীয় মসজিদ-সংলগ্ন দক্ষিণ পাশের পাহাড়ের ঢালে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় লোকজন কোতোয়ালি থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। লাশের সঙ্গে একটি চার্জবিহীন মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। পরে সেটি চার্জ দিয়ে সচল করামাত্র পরিবার থেকে একটি ফোন আসে। তখন পুলিশ ওই ছাত্রের পরিচয় সম্পর্কে জানতে পারে। পরিবারের সদস্যরা পুলিশকে জানায়, গতকাল রোববার বিকেলে চটেশ্বরী রোডের বাসা থেকে বের হয়ে ছোটন আর ফেরেনি।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ছোটনের গলার বাঁ পাশে ছুড়ির আঘাত ছিল। এ ছাড়া তাঁর ডান হাতের রগ কাটা ছিল। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। অন্য কোথাও হত্যা করে লাশ এখানে ফেলে দেওয়া হয়েছে।