চট্টগ্রামে বিস্ফোরণে আহত দুই শ্রমিক মারা গেছেন
চট্টগ্রামের ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত দুই শ্রমিক পাঁচ দিন চিকিত্সাধীন থাকার পর ঢাকায় মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে স্থানীয় পুলিশ কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। আজ শুক্রবার তাঁদের লাশ পটিয়ার গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।নিহত শ্রমিকেরা হলেন, বাহার উদ্দিন (২৫) ও নূর হাশেম (২৫)। নিহত দুই শ্রমিক পটিয়া উপজেলার কোলগাঁও এলাকার বাসিন্দা। জানা গেছে, গত শনিবার সকালে পটিয়ার কোলগাঁও এলাকায় ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে কর্মরত অবস্থায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন শ্রমিক আহত হন। আহত অন্য শ্রমিকের নাম হেলাল (২৪)। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ সবুর জানান, দুর্ঘটনায় আহত দুই শ্রমিক গতকাল রাতে ঢাকায় চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। আহত অন্য এক শ্রমিক প্রাথমিক চিকিত্সা নিয়ে বাড়িতে ফিরেছেন। গত শনিবার দুর্ঘটনার পর আহত তিন শ্রমিককে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত দুই শ্রমিক হাশেম ও বাহারকে ঢাকায় নিয়ে আসা হয়।