চট্টগ্রামে বৃষ্টি উপেক্ষা করে ঈদ উদযাপন
চট্টগ্রামে মুষলধারে বৃষ্টির মধ্যে আজ সোমবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান জড়ো হয়েছেন বিভিন্ন মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য। রাজনৈতিক ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করেছেন সরকার ও বিরোধীদলীয় রাজনীতিকেরা।চট্টগ্রামে আজ সকাল সাড়ে আটটার দিকে জমিউতুল ফালাহ প্রধান মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। মসজিদ প্রাঙ্গণে শামিয়ানা টাঙিয়ে প্রতিবারের মতো এবারও ঈদের নামাজের প্রস্তুতি নিয়েছিল সিটি করপোরেশন। কিন্তু গতকাল রোববার রাত থেকে বৃষ্টি অব্যাহত থাকায় মাঠে ঈদের নামাজ আদায় করা সম্ভব হয়নি। এ কারণে বিশেষ ব্যবস্থায় জমিউতুল ফালাহ মসজিদের ভেতরে সবাই ঈদের নামাজ আদায় করেন।এই মসজিদে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফছারুল আমীন, সিটি মেয়র ও বিএনপি নেতা মনজুর আলম, সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, সাংসদ নুরুল ইসলাম বিএসসি, বিএনপির নেতা আবদুল্লাহ আল নোমান, আমির খসরু মাহমুদ চৌধুরী, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী প্রমুখ নামাজ আদায় করেন। পরে তাঁরা কোলাকুলি করে পরস্পরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।এ ছাড়া নগরের এম এ আজিজ স্টেডিয়াম মসজিদ, লাল দিঘি মাঠসহ নগরের ১৪০টি স্থানে সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের উদ্যোগে ঈদের জামাতের ব্যবস্থা করা হয়। নগরের সব মসজিদে ঈদের জামাত হয়।ঈদের নামাজে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন মুসল্লিরা।