চট্টগ্রামে বৃষ্টিতে জলাবদ্ধতা, বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে আজ বুধবার সকাল থেকে মুষলধারে বৃষ্টি হয়েছে। এতে নগরের নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। বৃষ্টিপাতের সময় বিদ্যুতের ছেঁড়া তার থেকে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে দুজন মারা যায়।আজ সকাল সাড়ে ছয়টা থেকে সাড়ে সাতটা পর্যন্ত ভারী বৃষ্টিপাত হয়। এরপর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে থাকে। দুপুর ১২টা পর্যন্ত মোট ৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া দপ্তর। বৃষ্টিতে নগরের মুরাদপুর, চকবাজার, প্রবর্তক মোড়, বাকলিয়া, মেহেদীবাগ, হালিশহর, আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকাসহ বিভিন্ন স্থানে হাঁটু পানি জমে যায়। জলাবদ্ধতার কারণে সৃষ্টি হয় যানজট।কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. ইলিয়াস প্রথম আলো ডটকমকে জানান, আজ সকাল সাড়ে ১০টার দিকে কোতোয়ালি থানার জেলা পরিষদের সামনে দিয়ে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে যাচ্ছিলেন সোহরাব হোসেন (৪০)। এ সময় ওই সড়কের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক লাইনের তার ছিঁড়ে তাঁর অটোরিকশার ওপর পড়ে। এতে তিনি বিদ্যুত্স্পৃষ্ট হন। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর বেশ কিছুক্ষণ ওই ছেঁড়া তারটি রাস্তায় পড়ে ছিল। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা পরে বিদ্যুত্ বিভাগের কর্মীরা গিয়ে তার সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে। শরীয়তপুরের মঠবাড়িয়া উপজেলার ফুলজুরি এলাকায় সোহরাবের বাড়ি।সকাল সাড়ে ছয়টার দিকে নগরের ফিশারিঘাট এলাকায় হোটেলের সামনে ত্রিপল টানিয়ে পরোটা বানাচ্ছিলেন হোটেল কর্মী আলতাফ হোসেন (২৫)। এ সময় হোটেলের বাইরের একটি বৈদ্যুতিক তারে তাঁর হাত লেগে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।আলতাফের বাড়ি চট্টগ্রামের মিরসরাইয়ে। তিনি আল মানিক হোটেল অ্যান্ড রেস্তোরাঁর কর্মী ছিলেন।