চট্টগ্রামে বৃষ্টিপাত অব্যাহত, ৩ নম্বর সংকেত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে টানা তিন দিন ধরে বৃষ্টি ঝরছে। উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টির কারণে এ বৃষ্টিপাত হচ্ছে। শরত্কালে বর্ষাকালের মতো ভারী বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃষ্টির সঙ্গে নগরের নিচু এলাকাগুলোয় জলাবদ্ধতা দেখা দিচ্ছে।সঞ্চালনশীল মেঘমালার কারণে উত্তর বঙ্গোপসাগর, সমুদ্রবন্দর এবং তত্সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, মংলা সমুদ্রবন্দর ও কক্সবাজারকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।পতেঙ্গা আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আজ শনিবার সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত থেকে এই বর্ষণ চলছে। আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি, আবার কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে পূর্বাভাসে বলা হয়েছে।বৃষ্টির কারণে নগরের নিচু এলাকা, বিশেষ করে কাপাসগোলা, চকবাজার, হালিশহর, বাকলিয়া, মোহাম্মদপুর, আগ্রাবাদসহ বিভিন্ন স্থানে বারবার জলাবদ্ধতা দেখা দিচ্ছে। আজ সকালেও এসব এলাকার রাস্তাঘাট প্লাবিত হয়। তবে তা আগের দিনের চেয়ে কিছুটা কম।চট্টগ্রাম ছাড়াও সন্দ্বীপে আজ সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৮৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ ছাড়া একই সময়ে কুমিল্লায় ১২৩ মিলিমিটার এবং রাঙামাটিতে ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।