চট্টগ্রামে বৃহস্পতিবারও হরতাল
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের জামিন বাতিলের প্রতিবাদে আগামী বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগরে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে নগর স্বেচ্ছাসেবক দল। আজ সোমবার বিকেলে কাজির দেউড়ি মোড়ে এক সমাবেশ থেকে স্বেচ্ছাসেবক দল হরতালের ঘোষণা দেয়। বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের কাল মঙ্গলবার সকাল ছয়টা থেকে বুধবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত টানা ৩৬ ঘণ্টার হরতালের সমর্থনে আজ বিকেলে কাজির দেউড়ি মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে সাবেক সাংসদ সৈয়দ ওয়াহিদুল আলম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস কে খোদা তোতন, নগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ নেতা এম এ সবুর, আবদুস সাত্তার প্রমুখ বক্তব্য দেন। সমাবেশে বক্তারা আবদুল্লাহ আল নোমানসহ সব জাতীয় নেতার নিঃশর্ত মুক্তির দাবি করেন। তাঁরা বলেন, শেখ হাসিনা সরকারের দিন শেষ হয়ে এসেছে। তাই এখন দিশেহারা হয়ে জেল-জুলুম চালাচ্ছে। অবিলম্বে নেতাদের মুক্তি না দিলে জনগণই সরকারকে টেনে নামাবে।এস কে খোদা তোতন প্রথম আলো ডটকমকে বলেন, ‘চট্টগ্রামে নোমান ভাইয়ের অনেক অবদান। তাই নোমান ভাইকে কারাগারে পাঠানোর প্রতিবাদে আমরা বৃহস্পতিবার চট্টগ্রাম নগরে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছি।’৩৬ ঘণ্টা হরতালের সমর্থনে আজ বিকেলে নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে বিএনপির নেতা-কর্মীরা মিছিল নিয়ে জড়ো হন। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিল বের করা হয়। এই মিছিলের নেতৃত্ব দেন নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী।আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগ অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে নিউমার্কেট এলাকায় আমাদের মিছিলে হামলা চালিয়েছে। জনগণ এখন তাদের সঙ্গে নেই। জনগণই তাদের প্রতিরোধ করছে।’ অন্যদিকে, নোমানপন্থী হিসেবে পরিচিত একটি পক্ষ নগরের কাজির দেউড়ি মোড়ে আলাদা সমাবেশ করে। এই সমাবেশ থেকে বৃহস্পতিবার হরতালের ঘোষণা দেওয়া হয়।