চট্টগ্রামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী খুন, বন্ধুসহ আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে গতকাল বৃহস্পতিবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ছুরিকাঘাতে খুন হয়েছেন। তাঁর নাম সারিমা রহমান (১৯)। সন্ধ্যায় ওয়ার সিমেট্রি-সংলগ্ন আমীরবাগ আবাসিক এলাকায় এক বন্ধুর বাড়ির ছাদে তাঁকে ছুরিকাঘাত করা হয়।পুলিশ এ ঘটনায় দুজনকে আটক করেছে। তাঁরা হলেন, নিহত সারিমার সহপাঠী ও বন্ধু সাফাত ইশতিয়াক এবং সাফাতদের বাড়ির দারোয়ান আবুল বাশার। আটক সাফাত দাবি করেছেন, এস এম তোহা ওরফে সৌরভ নামের এক যুবকের সঙ্গে সারিমার সাত বছরের প্রেমের সম্পর্ক ছিল। ওই সম্পর্ক ছিন্ন করতে তাঁরা তাঁর বাসায় এসেছিলেন এবং কথা বলার একপর্যায়ে তোহা সারিমাকে ছুরিকাঘাত করেন।জানা যায়, সারিমা আগ্রাবাদের ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের বিবিএর তৃতীয় সেমিস্টারের ছাত্রী ছিলেন। তাঁদের বাসা ওআর নিজাম রোডে। তাঁর মা শাহনাজ আহমেদ চিকিৎসক ও বাবা মিজানুর রহমান ব্যবসায়ী। তোহার বাসা শহরতলির বায়েজিদ থানার অক্সিজেন এলাকায়।পুলিশ সূত্র জানায়, সারিমা বন্ধুর বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে গতকাল বিকেলে ওআর নিজাম রোডের বাসা থেকে বের হন। ওই সময় বাসায় তাঁর বাবা ছিলেন। সারিমা কোতোয়ালি থানার আমীরবাগ আবাসিক এলাকায় বন্ধু সাফাতের বাসায় যান।হত্যাকাণ্ড সম্পর্কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সাফাত প্রথম আলোকে বলেন, ‘আমাদের বাড়ির ছাদের এক পাশে সারিমার সঙ্গে তোহা কথা বলছিল। ছাদের আরেক পাশে আমি আমার এক বান্ধবীর সঙ্গে গল্প করছিলাম। হঠাৎ সারিমার চিৎকার শুনে সেখানে গিয়ে দেখি রক্ত আর রক্ত। তোহা তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এরপর আমি তাঁকে (সারিমা) পার্শ্ববর্তী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। মেডিকেলের ফটক পর্যন্ত তোহা আমাকে সহযোগিতা করে। এরপর সে উধাও হয়ে যায়।’সাফাত আরও বলেন, ‘তোহা কয়েকবার পরীক্ষা দিয়েও উচ্চমাধ্যমিক পাস করতে পারেনি। এ কারণে সারিমা তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেন। তাই তাঁরা শেষ সাক্ষাতের জন্য আমার বাসায় এসেছিলেন।’হাসপাতাল সূত্র জানায়, নিহত সারিমার বুকে ও পেটে ছুরিকাঘাত করা হয়েছে। তাঁর শরীরে পাঁচ-ছয়টি কাটা দাগ দেখা গেছে।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, ‘সন্ধ্যার পর রক্তাক্ত অবস্থায় এক তরুণীকে ধরাধরি করে জরুরি বিভাগে আনে দুই যুবক। তারা জানায়, চকবাজার এলাকায় দুর্ঘটনায় ওই তরুণী আহত হয়েছেন। জরুরি বিভাগের চিকিৎসক তরুণীকে মৃত ঘোষণা করেন। ছুরিকাঘাতে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানাজানি হলে আমি ওই দুজনের মধ্যে সাফাত ইশতিয়াক নামের একজনকে জাপটে ধরি। অন্যজন পালিয়ে যায়।’পুলিশ জানায়, সারিমার সঙ্গে তোহার সম্পর্ক ছিন্ন করার উদ্যোগ নিয়ে সিফাত তাঁদের আমীরবাগের বাসায় আসতে সহযোগিতা করেছেন। দারোয়ান বাশার বাড়ির সিঁড়ির রক্ত পানি দিয়ে ধুয়ে আলামত নষ্ট করেন। এ কারণে তাঁদের আটক করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহূত ছোরাও উদ্ধার করা হয়েছে।চট্টগ্রাম মহানগর পুলিশের (উত্তর) উপকমিশনার আমেনা বেগম প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, পুরোনো সম্পর্ক ছিন্ন করার কথা বলে সারিমা ও তোহা আমীরবাগের ওই বাড়িতে গিয়েছিলেন। আমরা এই বক্তব্য যাচাই করে দেখছি। পাশাপাশি তোহাকে গ্রেপ্তারের চেষ্টা করছি। তোহা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত এই হত্যাকাণ্ডের ব্যাপারে মন্তব্য করা উচিত হবে না।’রাত সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ব্যাপারে থানায় মামলা হয়নি।