চট্টগ্রামে ব্যবসায়ী-হকার ফের সংঘর্ষ, ১০ দোকানে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার এলাকায় দ্বিতীয় দিনের মতো গতকাল বৃহস্পতিবার ব্যবসায়ী ও হকারদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। এ সময় বেশ কিছু দোকানে আগুন দেওয়া হয়। হকারদের উচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে দুই দিনে ১৩ জন পুলিশ সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়েছে। গতকাল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের বেশ কয়েকটি শেল ছোড়ে। সন্ধ্যায় ওই এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। রাতেই সবাইকে ওই এলাকা ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়। গতকাল বেলা ১১টার দিকে সংঘর্ষ শুরুর পর রিয়াজউদ্দিন বাজার এলাকার ২০-৩০টি মার্কেটের ছোট-বড় কয়েক হাজার (বণিক সমিতি বলছে ২৮ হাজার) দোকানপাট বন্ধ হয়ে যায়। তিনটি বিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়। সংঘর্ষ ও পুলিশের গুলি-কাঁদানে গ্যাসের শেলের মধ্যে শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়ে পালাতে দেখা গেছে।গতকাল সংঘর্ষ শুরুর খবর পেয়ে দুপুরের মধ্যে নগর পুলিশের ১২টি থানার সব ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ঘটনাস্থলে তলব করা হয়েছে। ওই এলাকায় মোতায়েন করা হয়েছে দাঙ্গা পুলিশসহ প্রায় এক হাজার পুলিশ সদস্য। এরই মধ্যে হকার ও ব্যবসায়ীরা আলাদা দলে ভাগ হয়ে একে অন্যের ওপর ইটপাটকেল নিক্ষেপ এবং দোকানপাটে আগুন লাগান। এ ঘটনায় পুলিশ, হকার ও ব্যবসায়ী নেতারা বাদী হয়ে তিনটি পৃথক মামলা করেছেন। পুলিশের এসআই গোলাম মোস্তফা বাদী হয়ে আড়াই হাজার লোককে আসামি করে একটি মামলা করেন। এ মামলায় ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধাদান, অগ্নিসংযোগ ইত্যাদি অভিযোগ আনা হয়। অন্য দুটি মামলায় এক পক্ষ অন্য পক্ষকে অভিযুক্ত করেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বেলা ১১টা থেকে নতুন করে সংঘর্ষ শুরু হয়। প্রথমে হকাররা তামাকুমন্ডির লেনের পাশে হোটেল রিজেন্ট পার্কের কাচ ভাঙচুর করেন। এর পরই ব্যবসায়ীরা তামাকুমন্ডি লেনে এবং হকাররা চট্টগ্রাম মহানগর হকার সমিতির সামনে অবস্থান নেন। অনেকে ইটপাটকেল নিয়ে আশপাশের উঁচু ভবনের ছাদে ওঠেন। হকার ও ব্যবসায়ী নেতারা উঁচু ভবন থেকে এক পক্ষ অন্য পক্ষকে হামলা করেন। এতে আশপাশের বিভিন্ন ভবনের কাচ ভেঙে যায়। তখন পুলিশ সংঘর্ষ থামিয়ে উভয় পক্ষের নেতাদের আলোচনার জন্য চট্টগ্রাম পুলিশ কমিশনারের কাছে পাঠান। পুলিশ কমিশনার ব্যবসায়ী ও হকারদের সঙ্গে আলাদাভাবে কথা বলেন। পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক শেষে ব্যবসায়ীরা মিছিল করতে করতে তামাকুমন্ডি লেনের কাছে চলে আসেন। তখন হকাররা সড়কের অন্য পাশের উঁচু ভবন থেকে তাঁদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। এতে আবার সংঘর্ষ শুরু হয়। কিছুক্ষণের মধ্যে স্টেশন রোডে হকারদের অন্তত ১০টি দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়। এভাবে বেলা সাড়ে তিনটা পর্যন্ত সংঘর্ষ চলে। এ সময় বিদ্যুত্ বিভাগ আশপাশের সব দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে বিদ্যুত্ সরবরাহ বন্ধ করে দেয়।স্টেশন রোড থেকে আমতলা পর্যন্ত দীর্ঘ এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয়। পুলিশের উপকমিশনার (উত্তর) বনজ কুমার মজুমদারের নেতৃত্বে ঘটনাস্থলে চারজন সহকারী পুলিশ কমিশনার সংঘাত নিয়ন্ত্রণে কাজ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের ৬০টি শেল ও শটগানের গুলি ছোড়ে।রিয়াজউদ্দিন বাজার বণিক সমিতির সভাপতি সালামত আলী ও তামাকুমন্ডি লেন বণিক সমিতির সভাপতি মাহমুদুল হক চৌধুরী বলেন, আশপাশের সব হকারকে ফুটপাত থেকে উচ্ছেদ না করা পর্যন্ত ব্যবসায়ীরা আন্দোলন চালিয়ে যাবেন। গতকাল বিকেলে তামাকুমন্ডি লেন বণিক সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি বৈঠকে অন্য ব্যবসায়ী নেতারাও এতে একাত্মতা প্রকাশ করেন। চট্টগ্রাম মহানগর সম্মিলিত হকার ফেডারেশনের সাধারণ সম্পাদক মাসুদ রানা বলেন, ‘ব্যবসায়ীরা নিজের হাতে আইন তুলে নিয়েছেন। আমরা দেশের আইনকে শ্রদ্ধা করি। পরিস্থিতি বাধ্য করলে শহরের ২০ হাজার হকার ব্যবসায়ীদের একযোগে প্রতিরোধ করবেন।’ তিনি বলেন, কোনো ব্যবসায়ী নেতার ইচ্ছা-অনিচ্ছায় হকাররা ফুটপাত থেকে সরবেন না। এটি রাষ্ট্রীয় সিদ্ধান্তের ব্যাপার। তিনি জানান, আজ শুক্রবার সকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে হকাররা আন্দোলন কর্মসূচি ঘোষণা করবেন। তিনি অভিযোগ করেন, ব্যবসায়ীরা দুই দিনে কয়েক দফা আগুন দিয়ে তাঁদের প্রায় ৩০০ দোকান পুড়িয়ে দিয়েছেন। বনজ কুমার মজুমদার বলেন, ‘সমস্যা সমাধানে শনিবার উভয় পক্ষের মধ্যে বৈঠকের জন্য আমরা চেষ্টা করছি। আমরা চাই আলোচনার মধ্যমে সবকিছুর সমাধান হোক।’ বিদ্যালয়ে কাঁদানে গ্যাসের শেল: সংঘর্ষ ছড়িয়ে পড়লে অন্য ব্যবসাপ্রতিষ্ঠানেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফলে বিপণিবিতানসহ আশপাশের সব দোকানই বিকেল পর্যন্ত বন্ধ ছিল। নিউমার্কেট মোড় দিয়ে সব ধরনের যান চলাচল পাঁচ ঘণ্টা বন্ধ ছিল। একটি কাঁদানে গ্যাসের শেল হকার্স মার্কেটের পাশের মিউনিসিপ্যাল মডেল হাইস্কুলের জানালার কাছে পড়লে তার তেজস্ক্রিয়তা শ্রেণীকক্ষেও ছড়িয়ে পড়ে। এতে ছাত্ররা আতঙ্কিত হয়ে শ্রেণীকক্ষ থেকে বেরিয়ে ছোটাছুটি করে। এ সময় মূল ফটক বন্ধ থাকায় তাদের বিদ্যালয়ের পেছনের ফটক দিয়ে সরিয়ে নেওয়া হয়।আওয়ামী লীগের আনন্দ মিছিল পণ্ড: বঙ্গবন্ধু হত্যার পাঁচ খুনির ফাঁসির রায় কার্যকর হওয়ায় গতকাল সকালে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ আনন্দ মিছিল করার কর্মসূচি দেয়। কিছু দলীয় নেতা-কর্মীও দারুল ফজল মার্কেটের দলীয় কার্যালয়ে এসে জড়ো হন। কিন্তু ব্যবসায়ী ও হকারদের সংঘর্ষে তাঁদের আনন্দ মিছিল পণ্ড হয়ে যায়।