চট্টগ্রামে ব্যবসায়ীর কাছ থেকে নগদ টাকা উদ্ধার নিয়ে বিভ্রান্তি
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে স্থাপিত সিটি গেইট নিরাপত্তা তল্লাশি কেন্দ্রে (চেক পোস্ট) গতকাল মঙ্গলবার রাতে এক ব্যবসায়ীর গাড়ি থেকে নগদ সাড়ে আট লাখ টাকা উদ্ধার করা হয়। নির্বাচনী কাজে ব্যবহারের উদ্দেশ্যে ওই টাকা বহন করা হচ্ছিল কি না, তা খতিয়ে দেখতে পুলিশ ব্যবসায়ী আজম চৌধুরী ও তাঁর তিন আত্মীয়কে আটক করেছে। পুলিশ জানায়, আজম চৌধুরী সীতাকুণ্ডের সোনাইছড়ি এলাকায় ‘সুলতানা শিপ ব্রেকিং ইয়ার্ড’ নামের একটি প্রতিষ্ঠানের মালিক। তিনি ও তাঁর তিন আত্মীয় এরশাদুল ইসলাম, সাইদুল ইসলাম ও আইসানুল ইসলাম ওই ইয়ার্ড থেকে শহরে আসছিলেন। টাকাগুলো আজম চৌধুরীর গাড়িতে রাখা ব্রিফকেইসের ভেতরে ছিল। নগর পুলিশের ডবলমুরিং অঞ্চলের সহকারী কমিশনার তানভির আরাফাত প্রথম আলোকে বলেন, ‘আটক ব্যবসায়ী তাঁর টাকা পরিবহনের সপক্ষে বৈধ কাগজপত্র দেখিয়েছে। তার পরও আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’ ঘটনার পরে নাগরিক কমিটির প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরী অভিযোগ করেছেন, তাঁর প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ মনজুর আলমের পক্ষে অর্থ বিতরণের জন্য টাকা নিয়ে যাওয়া হচ্ছিল। আবার মহিউদ্দিনের বিরুদ্ধে একই অভিযোগ তুলেছেন মোহাম্মদ মনজুর আলম।