চট্টগ্রামে ব্যাংক ডাকাতির চেষ্টা ব্যর্থ
চট্টগ্রামের চট্টেশ্বরী সড়কে অগ্রণী ব্যাংকে গতকাল শুক্রবারে রাতে ডাকাতির চেষ্টা করে ব্যর্থ হয়েছে। গ্যাস কাটার দিয়ে স্ট্রং রুমের চার স্তরবিশিষ্ট লোহার দরজা ও রড কাটার পরও ভল্ট খুলতে না পারায় শেষ পর্যন্ত অনেকটা শূন্য হাতে পালিয়ে যায় ডাকাতেরা। ব্যাংকের ভল্টে তখন ২৭ লাখ টাকা ছিল।ডাকাতেরা কাটার জন্য ব্যবহূত তিনটি গ্যাস সিলিন্ডার ও অন্যান্য যন্ত্রপাতি ফেলে যায়। গ্যাস শেষ হয়ে যাওয়ায় ভল্ট না কেটে তারা পালিয়ে যায় বলে পুলিশের ধারণা। ডাকাতেরা শুধু ব্যাংকের একটি কম্পিউটার নিয়ে গেছে। এ ঘটনায় পুলিশ ব্যাংকের দারোয়ান সাইদুল হককে (৩৫) খুঁজছে। ঘটনার পর থেকে তিনি পলাতক।এ প্রসঙ্গে নগর পুলিশের উপকমিশনার (ডিসি উত্তর) বনজ কুমার মজুমদার বলেন, দারোয়ান সাইদুল হকের সহায়তায় এই ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে। ডাকাতেরা প্রথমে গ্রিলের তালা ভেঙে ঢুকেছে। পরে গ্যাস কাটার দিয়ে স্ট্রং রুমের লোহার দরজা কাটে। এর পর গ্যাস শেষ হয়ে যাওয়ায় তারা পালিয়ে যায় বলে মনে হচ্ছে।আজ শনিবার সকালে স্থানীয় লোকজন তালা খোলা দেখে ব্যাংকের কর্মকর্তাদের খবর দিলে তাঁরা এসে ডাকাতির চেষ্টার ঘটনা শনাক্ত করেন। খবর পেয়ে অগ্রণী ব্যাংক পরিচালনা পর্ষদের পরিচালক শাহজাদা মহিউদ্দিন ঘটনাস্থলে যান। তিনি বলেন, ‘ব্যাংকের ভল্টে প্রায় ২৭ লাখ টাকা ছিল। আমি আপাতত অন্য শাখায় টাকাটা স্থানান্তরের নির্দেশ দিয়েছি।’