চট্টগ্রামে ব্যাপক দর্শক আগ্রহ
হল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ম্যাচটিকে ঘিরে দর্শক আগ্রহ ব্যাপক। কারণ, এই ম্যাচ জিতলে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালের পথে অনেক দূর এগিয়ে যাবে। তাই মাঠে বসে এই ম্যাচ দেখার জন্য সকাল সাতটা থেকে দর্শকেরা ভিড় করতে থাকেন স্টেডিয়ামে। তারা লাইনে দাঁড়িয়ে ট্রান্সটেল গেট দিয়ে গ্যালারিতে প্রবেশ করে। নিরাপত্তা ও যানজট এড়াতে প্রায় এক কিলোমিটার দূরে পাসবিহীন যানবাহন বন্ধ করে দেওয়া হয়। এ কারণে, দর্শকদের অনেক দূর থেকে পায়ে হেঁটে স্টেডিয়ামে আসতে হচ্ছে। নারী-পুরুষ এমনকি শিশুরাও আজ মাঠে ভিড় করেছেন। বিশ্বকাপ ও স্বাগতিক দলের জয় দেখার ইচ্ছার কাছে এসব কষ্ট ম্লান হয়ে যায়। সবারই স্বপ্ন চট্টগ্রাম থেকে আরও একটি জয় নিয়ে ফিরুক সাকিব-তামিম-মুশফিকেরা। পশ্চিম গ্যালারির গেটে দাঁড়ানো শারমিন নামের এক দর্শক বলেন, ‘অনেক দূর থেকে হেঁটে এসেছি। একটু কষ্ট হয়েছে। কিন্তু বিশ্বকাপ দেখব, এটাই সবচেয়ে বড় কথা। একটু কষ্ট তো সহ্য করতে হবেই।’বেশির ভাগ দর্শক খেলা দেখতে এসেছে নিজেদের লাল-সবুজ রঙে রাঙিয়ে। কারও শরীরে দলের জার্সি, কারও হাতে জাতীয় পতাকা। এ ছাড়া তাদের হাতে ছিল ভুভুজেলা, বাঁশিসহ বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র। বিশ্বকাপ ভেন্যুতে ঢোকার মুখে সাগরিকা রোডের মাথায় রাখা হয়েছে দীর্ঘতম ব্যাট। সেখানে অনেকে স্বাক্ষর করার জন্য ব্যস্ত ছিল। ‘বি’ গ্রুপে বাংলাদেশ চার ম্যাচ খেলে পেয়েছে চার পয়েন্ট ও সমসংখ্যক ম্যাচে হল্যান্ডের সংগ্রহ শূন্য।