চট্টগ্রামে ভবনের ছাদ ধসে নিহত ২
চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন বরিশাল বাজার এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ছাদের একাংশ ধসে দুই শ্রমিক নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।নিহতেরা হলেন—নওগাঁ জেলার মো. শাহীন (৩০) ও মো. মজিদ (২৫)। মজিদের কোনো ঠিকানা পাওয়া যায়নি। গুরুতর আহত নজরুল ইসলামকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বরিশাল বাজারের কাশেম কলোনিতে একটি নির্মাণাধীন ভবনে এ তিন শ্রমিক কাজ করছিলেন। আজ সকালে শ্রমিকেরা কাজ করতে এসে তিন দিন আগে ঢালাই করা কার্নিশের বাঁশ খুলে নেন। বাঁশ খুলে নেওয়ার পর পরই কার্নিশটি ধসে পড়ে। এ সময় নিচে দাঁড়িয়ে থাকা শাহীন, মজিদ ও নজরুল কার্নিশের নিচে চাপা পড়ে যায়। পরে তাঁদের তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক শাহীন ও মজিদকে মৃত ঘোষণা করেন।চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কার্নিশটি শুকানোর আগেই বাঁশ খুলে নেওয়ার ফলে এ ঘটনা ঘটে।