চট্টগ্রামে গণপরিবহনে নৈরাজ্য চলছে। বিশেষ করে সিএনজিচালিত অটোরিকশার ভাড়া নিয়ে চালকদের নৈরাজ্যে যাত্রীরা যেন অসহায়। দুই বছর ধরে কোনো অটোরিকশা মিটারে চলছে না। বেশির ভাগ গাড়ির মিটার অকার্যকর হয়ে গেছে। চালকেরা যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো ভাড়া আদায় করছেন। স্থানীয় প্রশাসনও এ ব্যাপারে নিশ্চুপ বলে অভিযোগ উঠেছে। এই সরকারের আমলে কয়েক দফা গ্যাসের দাম বাড়ানোর পর সরকার সিএনজিচালিত অটোরিকশার ভাড়াও নির্ধারণ করে দিয়েছে। কিন্তু সর্বশেষ ভাড়ার তালিকা আর কার্যকর করা হয়নি।বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক এস কে বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘সর্বশেষ গ্যাসের দাম বাড়ানোর পর সরকার অটোরিকশার ভাড়াও সমম্বয় করে নতুন হার ঠিক করেছে। আমরা এই ভাড়া কার্যকর করতে গাড়ির মালিক, শ্রমিকসহ পুলিশ প্রশাসনের সঙ্গে শিগগির বসতে চাই। বিশেষ করে অটোরিকশার মিটার সেলিব্রেশন (মিটারে নতুন ভাড়া সংযোজন) করে তা কার্যকরের উদ্যোগ নেওয়া হবে।’ বিআরটিএ থেকে নগর পুলিশের যানবাহন শাখায় মাস দেড়েক আগে অটোরিকশার নতুন ভাড়ার তালিকা পাঠানো হয়। গ্যাসের দাম বাড়ানোর সঙ্গে সমম্বয় রেখে প্রথম দুই কিলোমিটার ২৫ টাকা এবং পরবর্তী প্রতি কিলোমিটার সাত টাকা ৬৪ পয়সা নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে।নতুন ভাড়ার তালিকা মৌখিকভাবে পাওয়ার কথা স্বীকার করে নগর পুলিশের যানবাহন শাখার উপকমিশনার কুসুম দেওয়ান প্রথম আলোকে বলেন, ‘আগামী সপ্তাহ নাগাদ অটোরিকশার মিটার সেলিব্রেশন করা নিয়ে আমরা মালিক ও শ্রমিকদের সঙ্গে বৈঠকে বসব। মিটার সচল করতে তাঁদের নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হবে।’ যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাত্র চার বছরের ব্যবধানে সিএনজিচালিত অটোরিকশার ভাড়া আড়াই থেকে তিন গুণ বেড়েছে। মালিকেরাও ইচ্ছেমতো জমা নিচ্ছেন চালকদের কাছ থেকে, যার নেতিবাচক প্রভাব পড়ছে যাত্রীদের ওপর। সর্বশেষ নির্দেশনা অনুযায়ী, মালিক এক দিন ভাড়ায় চালানোর জন্য চালকের কাছ থেকে ৬০০ টাকা জমা নিতে পারবেন। মালিকেরা আরও বেশি জমা নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।বেসরকারি এয়ারলাইনসের কর্মকর্তা আসিফ ইকবাল প্রথম আলোকে বলেন, ‘আমার বাসা থেকে আগ্রাবাদের অফিসের দূরত্ব সাড়ে ছয় কিলোমিটার। ২০০৭ সালে আমি কাতলগঞ্জের মোড় থেকে ৪০-৪৫ টাকা দিয়ে আগ্রাবাদ যেতাম। এখন যাওয়ার পথে ৯০ থেকে ১০০ টাকা এবং ফেরার পথে ১২০ টাকা দিতে হয়।’যাত্রীদের অভিযোগের জবাবে অটোরিকশার চালক জয়নাল আবেদীন বলেন, ‘বাজারদর বেড়েছে বলে আমরাও ভাড়া বাড়িয়েছি। মিটারে গাড়ি চালানোর ব্যাপারে আমাদের স্বার্থের দিকটি বিবেচনায় আনতে হবে। মালিকদেরও নির্দিষ্ট জমার বেশি না নিতে বাধ্য করতে হবে।’আরেক চালক হুমায়ুন কবির বলেন, ‘মিটারে চালিয়ে কী হবে? কয়েক দিন পরপরই মিটার নষ্ট হয়ে যায়।’বিগত চারদলীয় জোট সরকারের আমলে চট্টগ্রাম মহানগরে ১৩ হাজার সিএনজিচালিত অটোরিকশাকে লাইসেন্স দেওয়া হয়। সর্বশেষ মিটার সেলিব্রেশন করার পর ২০১০ সালের জুনে এই সংখ্যা প্রায় নয় হাজারে নেমে আসে। মেয়াদ ফুরিয়ে যাওয়ায় বাকি চার হাজার অটোরিকশা চলাচলের অনুপযোগী হয়ে গেছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন।