চট্টগ্রামে ভুয়া চিকিৎসক গ্রেপ্তার
চট্টগ্রাম নগরের চান্দগাঁও খাজা রোড এলাকা থেকে জাকির হোসেন নামের এক ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার রাতে তাঁকে গ্রেপ্তারের পর ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। তাঁর কাছ থেকে উদ্ধার করা প্রায় দুই লাখ টাকার ওষুধ আজ বুধবার সকালে পুড়িয়ে ফেলা হয়। জাকির হোসেন নামের পাশে এমবিবিএস (এএম) লিখে রোগী দেখে আসছিলেন। তিনি চান্দগাঁও খাজা রোডের রহিমা ম্যানশনের বাসিন্দা। তাঁর গ্রামের বাড়ি বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের রত্নপুর গ্রামে।এ প্রসঙ্গে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বদানকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার নুরুল হক বলেন, ‘এমবিবিএস চিকিৎসক না হয়েও তিনি চিকিৎসা দিয়ে আসছিলেন। তাঁর হাতে অনেক রোগী প্রতারিত হয়েছে। এরপর আমরা তাঁকে গ্রেপ্তার করি। তিনি ওষুধ রাখার সপক্ষে কোনো কাগজপত্র দেখাতে পারেনি।’ অভিযানে সহযোগিতা করেন র্যাব।