চট্টগ্রামে ভ্রাম্যমাণ আদালত বসেনি, গ্রেপ্তার ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালের শেষ দিন গতকাল সোমবার চট্টগ্রাম নগরে পুলিশ বিএনপি ও জামায়াতের ২৫ জন কর্মীকে গ্রেপ্তার করেছে। তাঁদের বিরুদ্ধে পিকেটিং করে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি ও পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ার অভিযোগ আনা হয়েছে। রাতে ভ্রাম্যমাণ আদালত আটজনকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন। তবে পুলিশের অনুরোধ সত্ত্বেও গতকাল দিনে কোনো ভ্রাম্যমাণ আদালত বসেনি বলে জানা গেছে। এ নিয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা কিছুটা অস্বস্তিতে ছিলেন।হরতাল চলাকালে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনকে অ্যাম্বুলেন্সে চড়ে বিভিন্ন এলাকায় ঘুরতে দেখা গেছে। দুপুরে পুলিশ ডবলমুরিং থানার দেওয়ানহাট এলাকায় অ্যাম্বুলেন্স থেকে ওই দুই নেতাকে নামিয়ে দেন। পরে ওই অ্যাম্বুলেন্স আটক করে থানায় নিয়ে রাখা হয়। এ ঘটনায় পুলিশ ডবলমুরিং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। এর আগে পুলিশের আরেকটি দল বারিক বিল্ডিং মোড়ে অ্যাম্বুলেন্সটি কিছুক্ষণের জন্য আটক করলেও বিএনপির ওই দুই নেতাকে নামায়নি। বেলা দুইটার দিকে নাসিমন ভবনের অদূরে ফুটপাতে একটি পটকার বিস্ফোরণ ঘটে। বিকেল সোয়া চারটার দিকে পর পর আরও দুটি পটকার বিস্ফোরণ ঘটে। এ সময় আমীর খসরু ও দলীয় নেতা-কর্মীরা হরতাল-পরবর্তী সমাবেশ করার জন্য দলীয় কার্যালয়ে অপেক্ষা করছিলেন। পুলিশ নাসিমন ভবনের চারদিক ঘিরে ফেললে নেতা-কর্মীরা নাসিমন ভবনের দিকে আর ঘেঁষতে পারেননি। ফলে স্বল্পসংখ্যক নেতা-কর্মীকে নিয়ে আমীর খসরু সমাবেশ করেন। জানা গেছে, পুলিশ কোতোয়ালি থানা এলাকায় ১২ জন, বন্দরে চারজন, কর্ণফুলীতে তিনজন, বায়েজিদে দুজন ও খুলশি এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করে। বেলা সোয়া ১১টার দিকে শহরতলির অক্সিজেন মোড়ের কাছে বিএনপির একটি সমাবেশ হয়। সমাবেশ শেষে কর্মীরা মিছিল করতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় দুই পক্ষে সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থল থেকে বিএনপির দুই কর্মীকে গ্রেপ্তার করে। এর আগে সকাল সাড়ে নয়টার দিকে আমীর খসরুর নেতৃত্বে একটি মিছিল আসকারদীঘি পাড় এলাকা দিয়ে কাজীর দেউড়ির দিকে যাচ্ছিল। এ সময় পুলিশের সঙ্গে বিএনপির কয়েকজন কর্মীর মৃদু বাগিবতণ্ডা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে বিএনপির তিন কর্মীকে গ্রেপ্তার করে। এ ঘটনার প্রায় দেড় ঘণ্টা পর কাজীর দেউড়ি এলাকায় বিএনপির কর্মীরা আবার পিকেটিং শুরু করেন। পুলিশ সেখান থেকে আরও নয় কর্মীকে গ্রেপ্তার করে।বেলা পৌনে ১২টার দিকে কর্ণফুলী থানার চর ফরিদ এলাকায় বিএনপির কর্মীরা মিছিল-পিকেটিং করার চেষ্টা করলে পুলিশ তিন কর্মীকে গ্রেপ্তার করে। সকাল নয়টার দিকে ইপিজেড এলাকা থেকে আরও চার পিকেটারকে গ্রেপ্তার করা হয়। জামায়াত: দিনভর জামায়াতের কোনো নেতা-কর্মীকে মাঠে দেখা যায়নি। তবে হরতাল শেষ হওয়ার আগ মুহূর্তে চন্দনপুরার দলীয় কার্যালয়ের সামনে জামায়াতে ইসলামী সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে জামায়াতের নগর আমির সাংসদ শামসুল ইসলাম বক্তব্য দেন। এর আগে ভোরে ফজরের নামাজের পর খুলশি থানার ওয়াসা মোড় এলাকায় ছাত্রশিবিরের ১৪-১৫ জন নেতা-কর্মী একটি ঝটিকা মিছিল বের করেন। পুলিশ মিছিল থেকে শিবিরের এক কর্মীকে গ্রেপ্তার করে।গত রোববার দিবাগত রাত দেড়টায় খুলশি থানাধীন পাহাড়িকা ফিলিং স্টেশনের কাছে বিএনপির তিন পিকেটারকে পুলিশ গ্রেপ্তার করে। ভ্রাম্যমাণ আদালত: পুলিশ সূত্র অভিযোগ করেছে, আদালত এড়ানোর জন্য দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা গতকাল সকাল থেকে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের ফোনও ধরেননি। অথচ গতকাল বেলা ১২টার আগেই বিএনপি-জামায়াতে ২৫ কর্মী-সমর্থককে পুলিশ গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করার জন্য অপেক্ষায় ছিল। আগের দিন পুলিশের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম একসঙ্গে চলেছিল। নগর পুলিশের উপকমিশনার (উত্তর) আমেনা বেগম প্রথম আলোকে বলেন, ‘গ্রেপ্তার হওয়া পিকেটাররা দোষী কি নির্দোষ তা নির্ধারণ করবেন ভ্রাম্যমাণ আদালত। আমরা বারবার অনুরোধ করেও সোমবার দিনভর আদালত বসাতে পারিনি। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুরোধে রাতে আদালত বসে। সেখানে আসামিদের হাজির করা হয়।’ চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) হুমায়ুন কবীর বলেন, ‘আমাদের ম্যাজিস্ট্রেটরা দিনে অন্য কাজে ব্যস্ত ছিলেন। আর ভ্রাম্যমাণ আদালতে কাউকে সাজা দিতে হলে চিন্তাভাবনা করতে হয়। এ জন্য সোমবার আদালত বসতে দেরি হয়েছে।’ আটজনের দণ্ড: আটজনের মধ্যে চারজনকে কারাদণ্ড এবং চারজনকে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামসুজ্জামানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত কর্ণফুলী থানা এলাকায় পিকেটিংকালে আটক তিন ব্যক্তির প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে এবং বায়েজিদ থানার একজনকে এক হাজার টাকা অর্থদণ্ড করেন। এ ছাড়া চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।